সংবাদদাতা, রামপুরহাট: অবশেষে পুজোর আগে পিচের প্রলেপ দেওয়া শুরু হল রামপুরহাটের শ্রীফলা রোডে। মঙ্গলবার রাত থেকে সেই কাজ শুরু হয়েছে। পুরসভার দাবি, আগামী শনিবারের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
সংবাদদাতা, রামপুরহাট: অবশেষে পুজোর আগে পিচের প্রলেপ দেওয়া শুরু হল রামপুরহাটের শ্রীফলা রোডে। মঙ্গলবার রাত থেকে সেই কাজ শুরু হয়েছে। পুরসভার দাবি, আগামী শনিবারের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
রামপুরহাটের দুমকা রোডের নিশ্চিন্তপুর মোড়ের ডান দিয়ে গিয়েছে শ্রীফলা রোড। এই রাস্তা দিয়ে কুসুম্বা, আয়াস, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ শহরে যাওয়াআসা করেন। এছাড়া ১, ১৪ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষেরও প্রধান রাস্তা এটিই। এই রাস্তা দিয়ে রামপুরহাট ১ ব্লক অফিসে যাওয়া আসা করেন অনেকে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটির নিশ্চিন্তপুর মোড় থেকে সুঁদিপুর মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরেই বেহাল। বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রোদ উঠলে ধুলোয় ঢেকে যায় এলাকা। দীর্ঘদিন ধরে বেহাল থাকা এই রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে নাগরিক মঞ্চ। তীব্র সমালোচনার মুখে পড়ে পুরসভা। গত জুলাই মাসে রাস্তাটি পিডব্লুডিকে হস্তান্তর করতে চেয়ে আবেদন জানায় পুরসভা। এরই মধ্যে দিন কয়েক আগে টিআরডিএর ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তা পরিদর্শন করেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তারপর রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলতে প্যাচ ওয়ার্কের উদ্যোগ নেয় পুবসভা। পাথর দিয়ে রোলার চালিয়ে রাস্তাটি সমান করা হয়। অবশেষে সেই রাস্তায় পিচের প্রলেপ দেওয়া শুরু হল। চেয়ারম্যান সৌমেন ভকত বলেন, পুরসভার নিজস্ব তহবিলের প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। উল্লেখ্য, এই মাসের শুরুতেই কলকাতায় এই রাস্তা নিয়ে পুর্তমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আশিসবাবু। এরপরই রাস্তাটি স্থায়ী সংস্কারের জন্য দু’ কোটি টাকা মঞ্জুর করেন মন্ত্রী পুলক রায়। কিন্তু এখনও সেই টাকা বরাদ্দ হয়ে আসেনি। কিন্তু বাঙালির শ্রেষ্ট উৎসব বলে কথা, তাই আপাতত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিল পুরসভা। সেই সঙ্গে এই রাস্তায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে বাসিন্দারা দ্রুত রাস্তাটির স্থায়ী সংস্কারের দাবি তুলেছেন।