Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাইপলাইনের কাজ বন্ধ, জল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ

পাইপলাইনের কাজ বন্ধ, জল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: পানীয় জলের দাবিতে তপনের রামনগরে তপন-করদহ রাজ্যসড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বিক্ষুব্ধদের বক্তব্য, এলাকায় আট শতাধিক মানুষের পানীয় জলের জোগানের জন্য গ্রামে রয়েছে দুটি নলকূপ এবং পিএইচই’র ট্যাপের ব্যবস্থা। তবে মাস দুয়েক আগে নতুন করে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। সেই কাজ করতে গিয়ে আগের ট্যাপের জল আসা বন্ধ হয়ে যায়। গ্রামের অর্ধেক অংশে পাইপ বসানোর পর এখন কাজ বন্ধ। ফলে পিএইচই’র জল আসে না। এখন ভরসা গ্রামের দু’প্রান্তে থাকা দুটি নলকূপ। 
Advertisement
তবে সেই নলকূপগুলি থেকে বিশুদ্ধ পানীয় জল মিলছে না বলে অভিযোগ। মাস দুয়েক ধরে দূরদূরান্ত থেকে এবং প্রতিবেশীর সাবমার্সিবল থেকে পানীয় জল আনতে হচ্ছে অনেক পরিবারকে। অবিলম্বে পাইপলাইনের কাজ শেষ করে ট্যাপের মাধ্যমে পানীয় জল সরবরাহের দাবি তুলেছেন বাসিন্দারা। এই দাবিতে এদিন রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। এবিষয়ে অবরোধকারী বাসিন্দা আমজাদ সরকার বলেন, প্রতিবেশীদের সাবমার্সিবলই এখন আমাদের ভরসা। তাদের থেকে আর কতদিন এভাবে জল চেয়ে আনা যায়? তাঁদেরও তো বিদ্যুৎ বিল দিতে হয়, আমাদেরও লজ্জা লাগে। দু’মাস ধরে আজ নয় কাল করে পাইপ লাইনের কাজ বন্ধ রেখেছে। দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান চাই আমরা। 
পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তপন থানার পুলিস এবং ব্লক প্রশাসনের কর্তারা। বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে ঘণ্টাখানেক পর অবরোধ উঠে যায়। পরে ব্লক অফিস থেকে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয়। 
তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, সাতদিনের মধ্যে পিএইচই’র সমস্যার সমাধান করে দেওয়া হবে। আপাতত ওই সাত দিন ট্যাঙ্কারে করে ওই গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। পিএইচই’র জেলা আধিকারিক শুভব্রত কর বলেন, সাতদিনের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ