Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইপ বদলানো শুরু, নতুন প্রকল্প থেকে শীঘ্রই মিলবে জল

পাইপ বদলানো শুরু, নতুন প্রকল্প থেকে শীঘ্রই মিলবে জল
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভার অধিকাংশ ওয়ার্ডে পানীয় জল সরবরাহকারী পাইপ পুরনো হয়ে গিয়েছে। নানা জায়গায় সেই পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে। ফলে জলের চাপ কমে গিয়ে নাগরিকদের অসুবিধা হচ্ছে। কোথাও কোথাও সরু সুতোর মতো জল পড়ছে। এই কারণে আকড়াতে কয়েক কোটি টাকা খরচে তৈরি জলপ্রকল্প থেকে পূর্ণমাত্রায় বাড়ি বাড়ি জল দেওয়া যাচ্ছে না। কেন না পরীক্ষামূলকভাবে জল ছাড়ার পর দেখা গিয়েছে, পুরনো ফাটা পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে।
Advertisement
এজন্য মহেশতলা পুরসভা সিদ্ধান্ত নেয় যে, যতগুলি ওয়ার্ডে ফাটা পাইপ আছে, তা চিহ্নিত করে সেই সব জায়গায় নতুন পাইপ পাতা হবে। সেই মতো পুর বৈঠক ডেকে চেয়ারম্যান দুলাল দাস কয়েক লক্ষ টাকার পাইপ কেনার প্রস্তাব অনুমোদন করান। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে সেইসব পাইপ কিনে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছেও দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, কেএমডিএ এবং কোথাও কোথাও পুরসভার নথিভুক্ত ঠিকাদাররা ওই পাইপ বসানোর কাজ করবেন। গোটা কাজের উপর নজরদারি করবে পুর কর্তৃপক্ষ।
পুর প্রশাসনের জল বিভাগের সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন, অনেক জায়গায় পুরনো পাইপ তুলে নতুন বসানোর কাজও শুরু হয়েছে। এজন্য কিছু সমস্যা হতে পারে নাগরিকদের। যদিও সব সময় পুরসভার চেষ্টা থাকছে, যাতে নাগরিকদের অসুবিধা না হয়। এই কাজ শেষ হলে নতুন জলপ্রকল্প থেকে পূর্ণমাত্রায় জল ছাড়া হবে। ফলে মহেশতলা পুরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত জল পাওয়া যাবে। 
সম্পর্কিত সংবাদ