পুনে: ফুটপাথে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পিষে দিল ট্রাক। মৃতদের মধ্যে রয়েছে এক ও দু’বছরের দুই শিশুও। গুরুতর আহত আরও ছ’জন। তাদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে। মহারাষ্ট্রের পুনের ঘটনায় ইতিমধ্যে চালককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে পুনের ওয়াঘোলি এলাকার ফুটপাথে অনেকেই ঘুমোচ্ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই শ্রমিক। কাজের খোঁজে অমরাবতী থেকে পুনেতে এসেছিলেন তাঁরা। নিহত ও আহত প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে খবর। ঘটনার দু’দিন আগেই তাঁরা পুনে এসেছিল। এদিন রাতে আচমকা ফুটপাথে উঠে পড়ে ট্রাকটি। স্থানীয়দের দাবি, ২৬ বছর বয়সি চালক গজানন টোটরে মদ্যপ অবস্থায় ছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়েছিল সে। ধৃতের মেডিক্যাল পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। দু’টি শিশু ছাড়াও ঘটনায় মৃত্যু হয়েছে বিশাল পাওয়ার নামে ২২ বছরের এক তরুণেরও।



