ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবি নিয়ে ফিরছে ‘হেরাফেরি’। কয়েকদিন আগেই জানা গিয়েছে, ‘হেরাফেরি ১’ ছবির পরিচালক প্রিয়দর্শন তৃতীয় ছবিটিও পরিচালনা করবেন। এই আবহে খবর, প্রথম সিনেমার নায়িকা টাবুকে দেখা যাবে এই ছবিতে। ‘হেরাফেরি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল ছাড়াও তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল দর্শকের। তবে পরের পর্বে তাঁকে আর দেখা যায়নি। সবকিছু ঠিক থাকলে টাবু ‘হেরাফেরি ৩’ ছবিতে ফিরবেন বলে জল্পনা। ইঙ্গিত দিয়েছেন নায়িকা নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমাকে ছাড়া হেরাফেরি ৩-এর কাস্টিং অসম্পূর্ণ।’ বর্তমানে ‘ভূত বাংলা’ ছবির কাজ চলছে। সেই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক প্রিয়দর্শন। রয়েছেন টাবুও। ‘হেরাফেরি ৩’-এও তাঁরা জুটি বাঁধেন কি না, তা দেখার অপেক্ষায় দর্শক।



