Bartaman Logo
২৭ মে, ২০২৬

ফের উত্তরপ্রদেশ! রেললাইনে মিলল ২৫ ফুটের লোহার রড

ফের উত্তরপ্রদেশ! রেললাইনে মিলল ২৫ ফুটের লোহার রড
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
পিলিভিট: এবার রেললাইনে মিলল ২৫ ফুট লম্বা লোহার রড। এবারও ঘটনাস্থল যোগীরাজ্য উত্তরপ্রদেশ। শুক্রবার পিলিভিট থেকে বেরিলির মাঝে রেললাইন থেকে রডটি উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। তদন্ত শুরু করেছে জাহানাবাদ থানার পুলিস। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। নাশকতার লক্ষ্যে কেউ ইচ্ছাকৃতভাবে লাইনে রড রেখে গিয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের ইঞ্জিনিয়ার নেত্র পাল সিং জানান, জাহানাবাদ ও শাহি স্টেশনে মাঝে রডটি উদ্ধার করা হয়েছে। 
Advertisement
সার্কল অফিসার দীপক চতুর্বেদি জানান, শুক্রবার লালৌরিখেড়ার কাছে রেললাইনে লোহার রডটি পড়ে থাকতে দেখা যায়। দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন তাতে ধাক্কা মারে। ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। ধাক্কার পর ট্রেনটি প্রায় চার মিনিট দাঁড়িয়ে ছিল। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও আরপিএফ। পুলিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় দু’কিমি দূরে একটি আন্ডারপাস ভাঙা হচ্ছিল। সেখান থেকেই রডটি নিয়ে যায় অভিযুক্তরা। প্রাথমিক তদন্তে অনুমান, রডটিকে কাটার জন্য রেললাইনে রাখা হয়েছিল। এটাই প্রথম নয়। কয়েকমাসে এই ধরনের একাধিক ঘটনার সাক্ষী থেকে যোগীরাজ্য।
সম্পর্কিত সংবাদ