নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজে ফের ‘সিন্ডিকেটরাজ’ সক্রিয় হচ্ছে। বহিরাগতদের নিয়ে এসে অশান্তি পাকানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার স্বাস্থ্যদপ্তরের গ্রিভান্স সেলের কাছে এমনই অভিযোগ করলেন আন্দোলনকারীরা। তাঁরা অভয়াকাণ্ডের সময় থেকে থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিন মেডিক্যাল কলেজের হলে গ্রিভান্স সেলের প্রতিনিধিরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায়, এমএসভিপি তাপস ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে আন্দোলনকারীরা বলেন, এবার সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। টোকাটুকি হয়নি। আগে উত্তরবঙ্গ লবি পরীক্ষার হলে টোকাটুকিতে মদত দিত। তাঁরা হস্টেলে না ঢোকায় কলেজের পরিবেশ ঠিক রয়েছে। কিন্তু তাঁদের উপর থেকে নিষেধজ্ঞা তুলে নেওয়া হলে আবার আগের অবস্থা ফিরে আসবে।
Advertisement
আন্দোলনকারী চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক বলেন, বুধবার উত্তরবঙ্গে লবির সদস্যরা বাইরে থেকে লোকজন এনে অশান্তি পাকানোর চেষ্টা করেছিল। চিকিৎসকরা তা প্রতিহত করেছেন। আবার কলেজে থ্রেট কালচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এদিন বৈঠকে তা জানানো হয়েছে। যদিও অভিযুক্ত চিকিৎসকরা জানান, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তারপরও হস্টেলে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে ঘরভাড়া নিয়ে থাকতে হচ্ছে। সেখান থেকে ক্লাসে আসছেন। তাঁদের পক্ষের এক চিকিৎসক বলেন, আমরাও নিজেদের দাবি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি। যে বিষয়টি বিচারাধীন রয়েছে, তা নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু অভিযোগ প্রমাণ না হওয়া সত্ত্বেও কেন কয়েকজনকে হস্টেলের বাইরে থাকতে হবে? মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, অভয়াকাণ্ডের সময় আন্দোলনকারীরা প্রায় ২৫জন চিকিৎসকের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ করেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন জুনিয়র ডাক্তার ছিলেন। তাঁদের হস্টেলে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়। হস্টেলে ঢুকতে দেওয়ার দাবিতে মঙ্গলবার থেকে তাঁরা আন্দোলন শুরু করেছেন। এদিন গ্রিভান্স সেলের বৈঠক চলাকালীনও তাঁদেরকে কলেজের বাইরে দেখা যায়। তবে তাঁদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি।
গ্রিভান্স সেলের চেয়ারম্যান সৌরভ দত্ত বলেন, ২৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের নিয়ে আলোচনা করবেন। তারই প্রস্তুতি বৈঠক করা হয়েছে। সব মেডিক্যাল কলেজ ঘুরেই বৈঠক করা হচ্ছে। এদিন বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়ারা বৈঠকে বেশকিছু দাবি তুলে ধরেছিলেন। সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এবারের পরীক্ষা পদ্ধতি নিয়ে সব পড়ুয়ারা খুশি। সবাই নিয়ম মেনে পরীক্ষা দিতে পেরেছেন। কাউকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়নি।
আন্দোলনরত চিকিৎসকরা বলেন, কলেজ কর্তৃপক্ষ তদন্ত করেই নিষেধাজ্ঞা জারি করেছিল। ওই পড়ুয়াদের ক্লাস করতে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু তাঁরা হস্টেলে ফিরলেই আবার অশান্তি পাকানোর চেষ্টা করবেন।