Bartaman Logo
২৭ মে, ২০২৬

ফের অশান্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বার্তার পরও চলল গুলি, হল বোমাবাজিও

ফের অশান্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বার্তার পরও চলল গুলি, হল বোমাবাজিও
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ইম্ফল, ১ জানুয়ারি: ২০২৫ সালের মধ্যে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। গতকাল, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আর তাঁর সেই বক্তব্যের কয়েকঘণ্টা বাদেই ফের নতুন করে উত্তপ্ত হল মণিপুর। নতুন বছরেও হিংসা থামার নামই নেই ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে। জানা গিয়েছে, আজ, বুধবার ভোরে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কদংবন্দ অঞ্চলে হামলা চালায় কয়েকজন জঙ্গি। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে ওই অঞ্চলে গুলিবর্ষণ করে তারা। ছুড়তে থাকে বোমাও। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, এদিন ভোর থেকেই জঙ্গিরা হামলা শুরু করে। কদংবন্দে পাহাড়ি এলাকার নীচের দিকে থাকা গ্রামগুলিতে হামলা চালানো হয়। তাদের পাল্টা জবাব দেয় ওই গ্রামে মোতায়েন থাকা স্বেচ্ছাসেবকেরাও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তা বাহিনী ও পুলিস। এরপরই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Advertisement
সূত্রের খবর, কাংপোকপি থেকে এসেছিল ওই জঙ্গিরা। ইতিমধ্যেই কদংবন্দে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এই হামলার জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। যদিও দেশ-বিদেশের নানা প্রান্তে যেতে পারলেও এই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারও না যাওয়ায় বারবারই কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস। দীর্ঘদিন ধরে চলা মণিপুরের হিংসা প্রসঙ্গে গতকাল সাংবাদিক সম্মেলনও করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। তিনি বলেন, ‘বছরজুড়ে নানা অবাঞ্ছিত ঘটনা ঘটছে। এই সমস্ত ঘটনার জন্য আমি রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইছি। বহু মানুষ তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন। অনেকে ঘরবাড়ি খুইয়েছেন। এজন্য আমার খুব খারাপ লাগে। আমি ক্ষমাপ্রার্থী। গত তিন-চার মাস ধরে ধীরে ধীরে শান্তি ফিরছে। আমার আশা, ২০২৫ সালের মধ্যে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’ যদিও তাঁর সাংবাদিক সম্মেলনের কয়েকঘণ্টা বাদেই ফের এই হামলায় আতঙ্কের পরিবেশ মণিপুরে।
সম্পর্কিত সংবাদ