Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের মণ্ডল সভানেত্রী শুক্লা, ‘দুর হটো’ পোস্টার পড়ল বিষ্ণুপুরে

ফের মণ্ডল সভানেত্রী শুক্লা, ‘দুর হটো’ পোস্টার পড়ল বিষ্ণুপুরে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির মণ্ডল সভাপতি হিসেবে নাম ঘোষণা হতেই দলের এক কাউন্সিলারের বিরুদ্ধে পড়ল পোস্টার। সোমবার সকালে শহরের এক্সচেঞ্জ মোড় সংলগ্ন বিজেপির জেলা পার্টি অফিসের কাছাকাছি একটি দেওয়ালে সাঁটানো পোস্টার দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রবিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ছ’টি ব্লকের ১৮টি মণ্ডলের সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়। তার তালিকা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তাতে বিষ্ণুপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুক্লা চট্টোপাধ্যায় বিষ্ণুপুর ৪নম্বর মণ্ডলে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার সকালেই তাঁর বিরুদ্ধে শহরে পোস্টার পড়ায় তা নিয়ে গুঞ্জন ছড়ায়। পোস্টারে লেখা হয়, ‘ভুয়ো ডাক্তারের বউ শুক্লা চট্টোপাধ্যায়কে মণ্ডল সভাপতি মানছি না, মানব না। তৃণমূলের সঙ্গে সেটিং করে চুরি করা শুক্লাজি দূর হটো’। এতে দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় দলের জেলা নেতৃত্ব বেজায় অস্বস্তিতে পড়েছে। তবে তাদের দাবি, এই পোস্টার তৃণমূলই সাঁটিয়েছে। 
Advertisement
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা বলেন, দলের সক্রিয় কর্মীরা মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। আমাদের দলের কারও ক্ষোভ থাকার কথা নয়। বিষ্ণুপুর শহরের মানুষ পরপর কয়েকটি ভোটে তৃণমূলকে ধরাশায়ী করেছে। তাই আমাদের দলে বিভ্রান্তি ছড়ানোর জন্য তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে পোস্টার সাঁটিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দলের নেতা-কর্মীরা এলাকার উন্নয়ন নিয়ে ব্যস্ত। বিজেপির কে সভাপতি হল, তা নিয়ে মাথাব্যথা নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ওদের দলেরই বিক্ষুব্ধরা এধরনের পোস্টার সাঁটিয়ে থাকতে পারে। 
নবনির্বাচিত মণ্ডল সভাপতি শুক্লাদেবী বলেন, কোনও নেতা আমাকে সভাপতি করেননি। দলের প্রতি দায়িত্বশীলতার কারণে সক্রিয় কর্মীরা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি নেই। ওরা এর আগেও পোস্টার রাজনীতি করেছে। আবারও একই কাজ করেছে। এতে আমাদের দলে কোনও প্রভাব পড়বে না। তবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ১৮টি মণ্ডলের সভাপতি নির্বাচিত হলেও আরও সাতটি মণ্ডলে কোনও নাম চূড়ান্ত করতে পারেনি বিজেপি। বিশেষ করে বড়জোড়া-১, ওন্দা-১, কোতুলপুর-২, ৩, ৪, বিষ্ণুপুর-৩, ইন্দাস -১ মণ্ডলে কোনও সভাপতির নাম প্রকাশ করা হয়নি। ওই এলাকায় বিজেপির সংগঠনিক দুর্বলতা থাকার কারণেই, তা করা সম্ভব হয়নি বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। দলের জেলা সভাপতি অমরনাথ শাখা বলেন, বাকি থাকা মণ্ডলেও নির্বাচন প্রক্রিয়া চলছে। ধাপে ধাপে সবকটিতেই নাম ঘোষণা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ