Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফোর লেন করার দাবি, জেলায় ১৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারে উদ্যোগ

ফোর লেন করার দাবি, জেলায় ১৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারে উদ্যোগ
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারে উদ্যোগী হল কর্তৃপক্ষ। চারটি ভাগে ভাগ করে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। ইতিমধ্যে কিছু জায়গায় কাজ শুরু হয়েছে।
Advertisement
প্রায় বছরখানেকের বেশি সময় ধরে এই রাস্তাটির নানা অংশ বেহাল দশায় রয়েছে। স্থানীয়রা বহুদিন ধরে রাস্তাটি ফোর লেনের করার দাবি জানিয়ে আসছেন। কারণ একমুখী রাস্তায় প্রচুর ভারী গাড়ি চলাচল করায় সড়ক সংস্কারের কিছুদিনের মধ্যেই বেহাল হয়ে পড়ছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ভি কে সিংহ বলেন, জেলার ১৪ নম্বর জাতীয় সড়ক ধাপে ধাপে মেরামত শুরু হয়েছে। রাস্তায় কোথাও যাতে গর্ত না থাকে, সেবিষয়ে জোর দেওয়া হচ্ছে।
এই জাতীয় সড়ক কলকাতা ও উত্তরবঙ্গের যোগাযোগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এখন এই রাস্তার দুবরাজপুর থেকে সিউড়ি হয়ে রামপুরহাট যাওয়ার বেশিরভাগ জায়গায় বড় বড় খানাখন্দ দেখা দিয়েছে। বিশেষত সিউড়ির আবদারপুরের কাছে রাস্তাটি বড় গর্তে ভরে গিয়েছে। এছাড়া, দুবরাজপুরের কাছে বক্রেশ্বর নদীর উপর জাতীয় সড়কের একটি সেতু রয়েছে। সেই সেতু এবং সেতুর উপরের রাস্তা বেহাল হয়ে পড়েছে। সেতুর উপর রাস্তার পিচ সম্পূর্ণ উঠে গর্ত হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে সেই সেতু পেরোতে হচ্ছে সাধারণ মানুষ ও গাড়িচালকদের। মহম্মদবাজার, দেউচা, স্যোঁতশালের দিকেও রাস্তার অবস্থা খারাপ। বেহাল দশার কারণে জাতীয় সড়কের পাঁচটি সেতুর উপর নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে।
সেকারণে রাস্তাটি মেরামতে উদ্যোগী হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বেশ কয়েক জায়গায় সেই কাজ শুরুও হয়েছে। ইতিমধ্যেই দুবরাজপুর থেকে সিউড়ি, মহম্মদবাজার, রামপুরহাট, নলহাটি হয়ে মোড়গ্রাম অবধি সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সড়ককে চারটি ভাগে ভাগ করে সংস্কার করা হচ্ছে। সিউড়ির লম্বোদরপুর এলাকাতেও জাতীয় সড়ক সংস্কার হয়েছে। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের কিছু আধিকারিকেরই অভিযোগ, ওভারলোডেড ভারী গাড়ি চলাচলের জেরে মেরামত হলেও রাস্তাটি তাড়াতাড়ি বেহাল হয়ে পড়ছে। ফোর লেন না হওয়ায় রাস্তায় বেশি চাপ পড়ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ