রাঁচি, ২৮ নভেম্বর: আজ, বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন। এদিন রাঁচির মোরাদাবাদ গ্রাউন্ডে তিনি শপথ পাঠ করেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গওয়ার। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন জেএমএম জাতীয় সভাপতি শিবু সোরেন, স্ত্রী কল্পনা সোরেন। এছাড়া আমন্ত্রিত ছিলেন ইন্ডিয়া জোটের সদস্যরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সপা প্রধান অখিলেশ যাদব, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, বিহারের বিরোধী দলনেতা আরজেডির তেজস্বী যাদব-সহ বিরোধী জোট শিবিরের একাধিক নেতা-নেত্রীরা। অনেকেই এটিকে বিরোধী দলের মধ্যে ঐক্যের বার্তা বলেও মনে করছেন। আজ, একাই শপথ গ্রহণ করেন হেমন্ত। ফলে ফের মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসলেন তিনি। তবে ঝাড়খণ্ডের মন্ত্রিসভায় কারা কারা থাকবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।



