নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের শাবক সহ চারটি হনুমানের মৃত্যুর ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুর বাটান গ্রামে। বুধবার চাষের জমিতে হনুমানগুলির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। বিষয়টি স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনকে জানানো হলে, সদস্যরা এসে হনুমানগুলিকে উদ্ধার করে বনদপ্তরের আরবান রেঞ্জের কর্মীদের হাতে তুলে দেন। এই নিয়ে গত দু’মাসে জগৎবল্লভপুরের এই এলাকায় মোট ১৯টি হনুমানের দেহ উদ্ধার করেছে বনদপ্তর। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে না এসে পৌঁছনোয় মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না বন বিভাগের কর্তারা। স্থানীয় গ্রামবাসীরা বলেন, হতে পারে কেউ খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে।



