মুম্বই: সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। ভবিষ্যতে আরও সুদ কমানোর ইঙ্গিত দিয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাতেই কাঁপুনি ধরল এশিয়া, ইউরোপ, ওয়াল স্ট্রিট সহ বিশ্বের বিভিন্ন বাজারে। বাদ পড়ল না ভারত। গত তিনদিন ধরে পড়ছিল এদেশের শেয়ার সূচক। সেই ধারা বজায় রইল বৃহস্পতিবার। এদিন প্রায় এক হাজার পয়েন্ট পড়ে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স নেমে এসেছে ৮০ হাজারের নীচে। লগ্নিকারীদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা। বিএসইতে নথিভুক্ত কোম্পানিগুলির মোট মার্কেট ক্যাপিটালাইজেশন নেমে এসেছে ৪৪৯.৯৬ লক্ষ কোটিতে। লক্ষ্মীবারে বড় পতন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও। ২৪ হাজারের নীচে নেমে এসেছে সূচক নিফটি। এদিকে, ডলারের নিরিখে আরও কমজোর হয়ে পড়ল ভারতীয় টাকা। ১৪ পয়সা কমে প্রতি ডলারে ভারতীয় মুদ্রার দর দাঁড়াল ৮৫.৫ টাকা।
Advertisement
ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি ঘোষণার পর বিশ্বজুড়ে লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। এর মধ্যে জাপানের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদ নীতি অপরিবর্তিত রাখায় বিক্রির চাপ কিছুটা কমলেও রুখে দেওয়া যায়নি। ভারতে অনুঘটকের ভূমিকা নিয়েছে বিদেশি লগ্নিকারীদের শেয়ার বিক্রির সাম্প্রতিক প্রবণতা। বুধবারও ১ হাজার ৩১৬ কোটি টাকার বেশি তুলে নিয়েছিল এফআইআইরা।
এদিন বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ৯৬৪ পয়েন্ট পড়ে থামে ৭৯ হাজার ২১৮ অঙ্কে। এদিকে, ২৪৭ পয়েন্ট পিছলে ২৩ হাজার ৯৫১-তে বন্ধ হয়েছে নিফটি।
এদিন বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ৯৬৪ পয়েন্ট পড়ে থামে ৭৯ হাজার ২১৮ অঙ্কে। এদিকে, ২৪৭ পয়েন্ট পিছলে ২৩ হাজার ৯৫১-তে বন্ধ হয়েছে নিফটি।



