দিল্লি: ফের বিস্ফোরণ রাজধানীতে। দিল্লির প্রশান্ত বিহার এলাকার পিভিআর কমপ্লেক্সের কাছে বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। কেউ হতাহত না হলেও এরফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এনএসজি কমান্ডোরা। দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ এবং বম্ব স্কোয়াডের সদস্যরাও চলে আসেন। সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীর এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। এরইমধ্যে এই ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় তুলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে একহাত নিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। তিনি বলেন, প্রতিদিনই আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে রাজধানীর লোকজন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, সন্ধ্যা ৭টার পর মহিলারা বাড়ির বাইরে থাকলে তাঁদের বাবা-মা উদ্বিগ্ন হয়ে ওঠেন।
Advertisement
উল্লেখ্য, দিল্লিতে আম আদমি পার্টি (আপ) সরকার থাকলেও পুলিস বিভাগ রয়েছে কেন্দ্রের হাতে। মাস দুয়েক আগে প্রশান্ত বিহারেই সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণে হয়েছিল। সেই ঘটনার প্রসঙ্গ টেনে এদিন সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, পরপর এধরনের ঘটনা ঘটছে। এতে ভবিষ্যতে বড়সড় কোনও অঘটনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এর থেকেই স্পষ্ট, রাজধানীর আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।



