Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের বারাসতে উড়ালপুল সংস্কার পিছল, ক্ষোভ বাড়ছে আম জনতার

ফের বারাসতে উড়ালপুল সংস্কার পিছল, ক্ষোভ বাড়ছে আম জনতার
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এখনই হচ্ছে না বারাসতের উড়ালপুলের সংস্কার। আজ, শুক্রবার এই কাজ শুরু হওয়ার কথা ছিল। জেলা প্রশাসন এবং পুলিসের পক্ষ থেকে এই সংস্কারের কথা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। পূর্তদপ্তরের বারাকপুর ডিভিশন ফ্লাইওভার সংস্কারের জন্য প্রস্তুতও ছিল। কিন্তু আগামী একমাস পিছিয়ে দেওয়া হল বারাসত ফ্লাইওভার সংস্কারের কাজ।
Advertisement
সূত্রের খবর, ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হলে শহরে ঢোকা গাড়ি নিয়ন্ত্রণ করা সমস্যার হবে বলেই পুলিসের পক্ষ থেকে সংস্কার স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও কল্যাণী এক্সপ্রেসওয়ে সংস্কারের জন্য বেলঘরিয়ার ফ্লাইওভার বন্ধ। তাই সংস্কারের জন্য বারাসত ফ্লাইওভার বন্ধ করা হলে পণ্যবাহী ট্রাক থেকে বিভিন্ন রুটের বাসের যাতায়াতে সমস্যা হবে। সেই কারণেই আপাতত সংস্কার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে জেলাশাসকের সঙ্গে কথাও হয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ একমাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরেই সংস্কারের কাজে হাত দেওয়া হবে।
উল্লেখ্য, বারাসত ফ্লাইওভারের ৩২টি পিলারের বিয়ারিং সংস্কারের প্রয়োজন। বছর দুই আগেও সেগুলি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেবারও স্থগিত হয়ে যায় কাজ। দু’বছর পর ফের শেষ মুহূর্তে তা স্থগিত করা হল। শহরের নাগরিকরা বলছেন, বারাসত ওভারব্রিজ নিয়ে প্রশাসনের বিভিন্ন অজুহাত খুবই চিন্তার। আগের বারেও একই ঘটনা ঘটেছিল। এত টালবাহানা মেনে নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে ওই উড়ালপুলের সংস্কার করা হয়নি। ফলে, যে কোনও সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সম্পর্কিত সংবাদ