Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্ল্যাটের মিটার বক্সে আগুন, ছাই বাইক ও স্কুটার

ফ্ল্যাটের মিটার বক্সে আগুন, ছাই বাইক ও স্কুটার
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার সাতসকালে হাওড়ার লিলুয়ায় একটি ফ্ল্যাটের নীচতলায় ইলেকট্রিক মিটার বক্সে অগ্নিকাণ্ড ঘটে যায়। তাতে পুড়ে ছাই হয়েছে একাধিক বাইক ও স্কুটার। নীচতলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ফ্ল্যাটের বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ছ’টা নাগাদ লিলুয়ার রবীন্দ্র সরণি এলাকার একটি ফ্ল্যাটের ইলেকট্রিক মিটার বক্সে আগুন ধরে যায়। নীচতলায় থাকা মিটার বক্সের ঘরের পাশেই দু’টি মোটরবাইক ও একটি স্কুটার রাখা ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেগুলিতে। নীচতলা থেকে দাউ দাউ করে কালো ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করে দেন বাসিন্দারা। নীচে নামার রাস্তা না পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লিলুয়া থানা ও দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। আগুনে পুরো ছাই হয়ে গিয়েছে স্কুটার ও বাইকগুলি। দমকলের এক আধিকারিক বলেন, মিটার বক্সের সামনে বাইক, স্কুটারগুলি থাকায় সেখানে দ্রুত আগুন ছড়িয়ে গিয়েছিল। আর ফ্ল্যাটের বাসিন্দারা বলেন, আচমকা বিস্ফোরণের মতো শব্দ হয়। এরপর ধোঁয়া বের হতে দেখি। এখানে প্রায় কুড়িটি পরিবার থাকে। আমরা প্রত্যেকেই ভয় পেয়ে গিয়েছিলাম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ