নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিলিপিন্স থেকে জাহাজে করে আসা পাঁচ লক্ষ টাকার মাদক ধরা পড়ল কলকাতা বন্দরে শুল্ক দপ্তরের গোয়েন্দাদের হাতে। ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা আইজলের এক বাসিন্দাকে পাকড়াও করেছে। কলকাতার নগর দায়রা আদালতের বিচারক রোহন সিনহা ধৃতকে ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। জেলে গিয়ে ধৃতকে জেরা করার আর্জিও মঞ্জুর করেছে আদালত। বুধবার আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ফিলিপিন্স থেকে সম্প্রতি ‘ট্রামাডল’ নামে প্রায় পাঁচ লক্ষ টাকার ওই তরল মাদক জাহাজে করে অন্যান্য সামগ্রীর সঙ্গে কলকাতায় আনছিল। মাদক কেনা‑বেচার ক্ষেত্রে যে সমস্ত সরকারি বিধি‑নিষেধ আছে, তা মানা হয়নি। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। আদালতে শুল্ক দপ্তরের কৌঁসুলি ধৃতের জামিনের আপত্তি জানান। তিনি বলেন, এর পিছনে আন্তর্জাতিক কোনও অপরাধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি কৌঁসুলি জানান, উদ্ধার হওয়া মাদক পরীক্ষার জন্য পাঠানো হবে।



