সংবাদদাতা, মালদহ: সদ্য শেষ হয়েছে মাঘ মাস। বসন্তের ফাল্গুনের মাত্র সপ্তাহ খানেক অতিক্রান্ত। কিন্তু এখনই দিনে যথেষ্টই অনুভূত হচ্ছে গরম। গায়ে সোয়েটার, জ্যাকেট চাপালে রীতিমতো ঘামছেন অনেকেই। অস্বস্তিতেও পড়ছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন - দুই তাপমাত্রাই এই মুহূর্তে স্বাভাবিকের চেয়ে বেশি। তবে কিছুটা আশা জাগিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ২৩ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাতে আবহাওয়া বেশ খানিকটা মনোরম হতে পারে। মালদহের আবহাওয়া দপ্তরের আধিকারিক তপন কুমার দাস বলেন, এই মুহূর্তে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করায় অস্বস্তি হচ্ছে। অনেকেই ঘামছেন। তবে আবহাওয়া দপ্তরের আধিকারিক বলেন, সম্প্রতি একটি বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই কারণে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ খানিকটা মেঘলা থাকতে পারে। ২৩ ফেব্রুয়ারির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আবার কমবে। খানিকটা স্বস্তি মিলবে। তবে বৃষ্টি শেষ পর্যন্ত না হলে ফেব্রুয়ারিতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলেও জানিয়েছেন তিনি।রাতের দিকে হাল্কা গরম জামাকাপড় গায়ে দিতে হলেও দিনের বেলায় হাফ সোয়েটার পরলেও বেশ গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন মালদহের অনেক বাসিন্দাই। স্কুল শিক্ষক অরূপ কুমার দাস বলেন, শীত সবে বিদায় নিয়েছে। এখন বসন্তকাল। বসন্তের মনোরোম প্রকৃতি উপভোগ করতে একটি নির্দিষ্ট আবহাওয়া দরকার। কিন্তু আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে তো মনে হচ্ছে শীত যেতে না যেতেই বসন্তকে টপকে গ্রীষ্ম ঘরের দরজায় টোকা মারতে শুরু করেছে।



