Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফি সপ্তাহে ৫ শতাধিক জলের সংযোগ দিতে হবে, সিদ্ধান্ত ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে

ফি সপ্তাহে ৫ শতাধিক জলের সংযোগ দিতে হবে, সিদ্ধান্ত ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ দ্রুত শেষ করতে হবে। তাছাড়া সংযোগ দেওয়ার পর পানীয় জল যাতে সরবরাহ হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। সম্প্রতি ওই ব্লকে জনস্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠকে এটা স্পষ্ট করে দিয়েছেন প্রশাসনের কর্তারা। কারণ, ব্লকের অনেক বাড়িতে পাইপলাইনের সংযোগ দেওয়া হলেও, সেখানে জল যাচ্ছে না। এছাড়া অনেক জায়গায় এখনও সংযোগ দেওয়ার কাজ বাকি। এই নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে।
Advertisement
প্রশ্ন উঠছে, সংযোগ দেওয়ার পরও কেন জল মিলছে না? আর যেখানে সংযোগ দেওয়াই হয়নি, তা কবে শেষ হবে? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এমনিতে বর্ষার সময় টানা একমাস কাজ করা যায়নি। তাতে কাজের অগ্রগতি ব্যাহত হয়েছে। তারপর কাজ শুরু হলেও নানা কারণে তা শ্লথ হয়ে যায়। এছাড়া কোথাও কোথাও ওভারহেড জলাধার তৈরি হলেও সেখানে বিদ্যুৎ সংযোগ হয়নি। ফলে ওই জলাধারগুলিতে জল সংরক্ষণ করা যাচ্ছে না। তাই অনেক জায়গায় বাড়ি বাড়ি সংযোগ দেওয়া সম্পূর্ণ হলেও জল দেওয়া যাচ্ছে না।
বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হয়েছে, এইসব দিকগুলি পর্যালোচনার জন্য প্রতি সপ্তাহে একদিন করে ব্লক প্রশাসন ও জনস্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বৈঠক করবেন। লক্ষ্য কাজের গতি বৃদ্ধি। এও সিদ্ধান্ত হয়েছে, এখনও পর্যন্ত যেসব বাড়িতে জলের পাইপলাইনের সংযোগ দেওয়া যায়নি, প্রতি সপ্তাহে তার মধ্যে ৫৪৫টি করে বাড়িতে সংযোগ দিতে হবে। প্রশাসনের এক কর্তা বলেন, ২০২৫ সালের ৩০ মার্চের মধ্যে টিএম ব্লকের সমস্ত বাড়িতে জলের সংযোগ ও জল যাওয়াটা নিশ্চিত করতে হবে। এই সময়সীমা বেধে দেওয়া হয়েছে। এক আধিকারিক বলেন, এখনও পর্যন্ত সংযোগ দেওয়া হয়েছে ১২ হাজারের উপর বাড়িতে। তবে আরও ৭ হাজার ৬৩৫টি বাড়িতে সংযোগ দেওয়া যায়নি। তাই বিষয়টি নিয়ে রোজ নজরদারি চলছে।
সম্পর্কিত সংবাদ