সংবাদদাতা, চাঁচল: নয়মাস আগে কাজ শুরু হলেও এখনও কালভার্ট নির্মাণ শেষ হয়নি। পাকা রাস্তা কেটে গর্ত তৈরির ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। দ্রুত কাজ শেষের দাবিতে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। শনিবার চাঁচল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে।
ধঞ্জনা হাড়িয়ান এলাকায় দ্বিফসলী মাঠের বুক চিরে যাওয়া পাকা রাস্তার উপর ভাঙা কালভার্ট নতুন করে করা হচ্ছে। সেটি ভেঙে যাওয়ায় কৃষিজমির জলনিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দে কাজটি হচ্ছে বলে পঞ্চায়েত জানিয়েছে। অভিযোগ, সেখানে নির্মাণ সামগ্রী পড়েছে। গর্ত করা হয়েছে পাঁচফুট। কিন্তু নয়মাস ধরে কাজটি অসম্পূর্ণ। এলাকার বুলু আলি ও রকেট রাইহান বলেন, শুক্রবার রাতে একটি বাইক সেই গর্তে পড়ে যায়। তিনজন জখম হয়েছেন। একজনের পা ভেঙে গিয়েছে। এভাবে নয়মাস ধরে দুর্ঘটনা ঘটছে। কিন্তু পঞ্চায়েত প্রধান এনিয়ে উদাসীন। তিনি কাজ শুরু করছেন না। আরেক বাসিন্দা রফিকুল হকের আশঙ্কা, প্রকল্পের টাকা নয়ছয় করেছেন প্রধান। সেজন্যই হয়তো কাজ থমকে রয়েছে।
এপ্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান ইনচার্জ রুকসানা খাতুন বলেন,সরকারি প্রক্রিয়া শেষ না হওয়ায় কাজে হাত দেওয়া যাচ্ছে না। পঞ্চায়েতে কংগ্রেস থাকাকালীন চারবছর আগে এই কালভার্ট নির্মাণ করেছিল। তারা নিম্নমানের কাজ করায় টেকেনি। টাকা তছরুপের অভিযোগ ভিত্তিহীন। দ্রুত কাজ শেষ হবে।
প্রাক্তন প্রধান কংগ্রেসের গোপাল চৌধুরী বলেন,ওই এলাকায় আমরা কোনও কালভার্টের কাজ করিনি। প্রধান ইনচার্জ তাঁর দোষ ঢাকতে এসব কথা বলছেন।