ব্যতিক্রমী বাস্তব
সান বাংলার রিয়ালিটি গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হল কুমার শানুর সুরেলা উপস্থিতিতে। মেলোডি কিং গাইলেন, আড্ডা দিলেন। অংশগ্রহণকারীদের সঙ্গে খেললেনও। দৃশ্যত আবেগাপ্লুত গায়ক বললেন, ‘আমি বিভিন্ন রিয়ালিটি শো-এ অংশগ্রহণ করি। সেই অভিজ্ঞতা থেকে বলছি লাখ টাকার লক্ষ্মীলাভ ব্যতিক্রমী।’
তৃপ্তিদায়ক
‘কঠিন সংগ্রামের জীবন ওঁদের। মায়েদের, বোনেদের প্রাণখোলা হাসি মুখ দেখে আমি অভিভূত’, শানুর কণ্ঠে মুগ্ধতা। জানালেন সুন্দরবনে ক্যানিং-এ তাঁর প্রতিষ্ঠিত স্কুল ‘কুমার শানু বিদ্যা নিকেতন’-এর কথাও। সেই স্কুলের এখন চারটি শাখা। বললেন,‘দারিদ্র্য কী জানি। গরিব পরিবার থেকে উঠে এসেছি। সুযোগ পেলেই মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।’
লড়াই ও সাফল্য
গত শতকের আট-নয়ের দশকে সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, ইন্টারনেট পরিষেবাই আজকের মতো সক্রিয় ছিল না। শানু বলছিলেন, ‘আমাদের লড়াইটা অনেক কঠিন ছিল। এখনকার ছেলেমেয়েরা স্ট্রাগল করছে না তা নয়, তবে তার মধ্যে অনেক শর্টকাট আছে। লড়াই সহজ হয়ে গেলে মানুষের মনে গেঁথে থাকার ব্যাপারটা কমে যায়।’
গর্বিত পিতা
মেয়ে শ্যাননের প্রসঙ্গ উঠতেই শানুর মুখে আলো। বললেন, ‘নাম করা বাবার ছেলে বা মেয়ে হওয়াটা বড়ো অভিশাপ। সবাই ভাবে সুযোগ এমনিই পেয়ে যায়। হলিউডে আমাকে কেউ চেনে না। আমার যা কেরামতি বলিউডে। শ্যানন স্ট্রাগল করে আমেরিকায়, হলিউডে একটা জয়গা তৈরি করেছে। ওর জন্য আমি গর্বিত।’
প্রিয়ব্রত দত্ত
সম্প্রতি এক রিয়ালিটি শো-এর মঞ্চে মুখোমুখি সংগীতশিল্পী কুমার শানু।



