নয়াদিল্লি (পিটিআই): কোভিড-১৯ মহামারীর আবহে ২০২০ সালের মার্চে তৈরি হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড। এই তহবিলে ২০২২-২৩ অর্থবর্ষে স্বেচ্ছায় অনুদানের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯১২ কোটি টাকা। পিএম কেয়ার্স ফান্ড গঠনের পর থেকে এটাই সর্বনিম্ন। পিএম কেয়ার্স ফান্ড ওয়েবসাইটে প্রকাশ করা অডিটেড স্টেটমেন্ট বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে। তবে ২০২২-২৩ অর্থবর্ষের পরের কোনও হিসেব ওয়েবসাইট থেকে মেলেনি। দেখা গিয়েছে, করোনা পরিস্থিতিতে পিএম কেয়ার্স ফান্ড তৈরি হওয়ার প্রথম বছরে ২০২০-২১ অর্থবর্ষে স্বেচ্ছায় অনুদানের পরিমাণ ছিল সর্বোচ্চ। ওই বছর মোট ৭ হাজার ১৮৪ কোটি টাকা সংগ্রহ হয়। এরপর ২০২১-২২ সালে তা কমে হয় ১ হাজার ৯৩৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে অনুদান আরও কমে হয় ৯১২ কোটি টাকা। একইভাবে এই তহবিলে ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে বিদেশি অনুদানের পরিমাণও। পিএম কেয়ার্স ফান্ড চালুর প্রথম বছরে বিদেশি অনুদান এসেছিল ৪৯৫ কোটি টাকা। পরের দু’বছরে কমে হয় যথাক্রমে ৪০ ও ২.৫৭ কোটি টাকা।



