Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পিএইচই’র জল অবৈধভাবে বাড়িতে মজুত, রুখলেন বিডিও

পিএইচই’র জল অবৈধভাবে বাড়িতে মজুত, রুখলেন বিডিও
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: পিএইচই-র জল বেআইনিভাবে মজুত করা হচ্ছিল ট্যাঙ্কে। তারপর সেই জল ব্যবহার করা হচ্ছিল বাড়ির কাজে। এই নিয়ে প্রশাসন ও পুলিসের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়ে। তার প্রেক্ষিতে বেআইনি পাইপ ব্যবহার করে জল মজুত করার বিরুদ্ধে অভিযানে নামল প্রশাসন। শনিবার হাবড়া ১ ব্লকের বিভিন্ন এলাকায় অভিযানে নামেন বিডিও সুবীর দণ্ডপাট। সঙ্গে ছিলেন গোবরডাঙা থানার ওসি পিঙ্কি ঘোষ। ব্লকের ১০টি বাড়িতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন তাঁরা। বিডিও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বেআইনি জলের লাইন চালানোর বিরুদ্ধে আমরা মছলন্দপুর, বেড়গুম এলাকায় অভিযান চালায়। আমাদের ব্লকে হাতেগোনা কিছু অভিযোগ এসেছে। আর সেগুলির সমাধান করেছি। এছাড়া, মানুষকে সচেতন করতে মাইকিংও করা হয়েছে।
Advertisement
উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে অবাধেই জল চুরি ও অপচয়ের অভিযোগ নতুন কিছু নয়। এই অভিযোগ পেয়ে সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে দপ্তর। প্রশাসনের একটি সূত্রের খবর, জেলায় প্রায় পাঁচ হাজারের মতো অভিযোগ জমা পড়েছে বেআইনিভাবে জল মজুত করার। সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে আমডাঙা ব্লক থেকেই। আর আমডাঙা ব্লকজুড়ে অভিযানে জেলা পিএইচই ও ব্লক প্রশাসন। আদহাটা, চণ্ডীগড়, বেড়াবেড়িয়া এলাকায় প্রায় শতাধিক বাড়িতে মেশিন দিয়ে বেআইনিভাবে জল মজুত রুখলেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিএইচই-র এই জল সময় সময় দেওয়া হয় বাড়িতে ব্যবহারের জন্য। ট্যাঙ্কে মজুত করে ব্যবহারের জন্য নয়।
সম্পর্কিত সংবাদ