সংবাদদাতা, বজবজ: মহেশতলা কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দীর্ঘ সময় তাঁকে ঘেরাও করে রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত ওই ঘেরাও চলেছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রিন্সিপালের আচার আচরণ এবং খামখেয়ালি কাজ নিয়ে ছাত্র সংসদের সদস্য ও কলেজের অধ্যাপকদের একাংশের সঙ্গে অনেকদিন ধরে বিরোধ চলছে। তার জেরে ছাত্র সংসদ থেকে অনেকদিন ধরে সরানোর দাবি জানিয়ে আসছিল। প্রিন্সিপালের কাজকর্ম নিয়ে বিধায়ক দুলাল দাসও অসন্তুষ্ট। কারণ তিনি ওই কলেজের পরিচালন সমিতির দায়িত্বপূর্ণ পদে রয়েছেন। কলেজের বিষয়টি দেখেন ২৯ নম্বরের কাউন্সিলার বাবুল সর্দার। তাঁর দাবি, তিনি ছাত্র সংসদ ও অধ্যাপকদের এড়িয়ে খুশিমতো কাজ করেন। ছাত্র সংসদ কিছুই জানতে পারে না। এর মধ্যে একটি অনুষ্ঠান হয়েছে। সেটা তিনি কলেজের ছাত্রছাত্রীদের না জানিয়ে করেছেন। আমি শুনেছি, এর ভিতর কলেজের প্রিন্সিপাল বিজেপির কোনও এক ব্যক্তির ছবি সামনে রেখে অনুষ্ঠান করেছেন। সেটা উনি করতে পারেন না। এর প্রতিবাদে এদিন পড়ুয়াদের সকলে ঘেরাও করেছিলেন। যদিও এ বিষয়ে কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।



