Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের মাধ্যমে পথ নিরাপত্তার পাঠ মালদহে

জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। একই সঙ্গে ট্রাফিক আইন ভাঙার প্রবণতাও ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে। তাই স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা সপ্তাহে সামিল করার উদ্যোগ মালদহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের (মাধ্যমিক)।

পড়ুয়াদের মাধ্যমে পথ নিরাপত্তার পাঠ মালদহে
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। একই সঙ্গে ট্রাফিক আইন ভাঙার প্রবণতাও ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে। তাই স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা সপ্তাহে সামিল করার উদ্যোগ মালদহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের (মাধ্যমিক)। সাতদিনের এই কর্মসূচিতে তিনদিন রাখা হয়েছে মালদহের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের। একই সঙ্গে ব্যবহার করা হয়েছে মালদহের জনপ্রিয় বিনোদন গম্ভীরাকেও। বুধবার মালদহ শহরে পথ নিরাপত্তার বার্তা প্রচারে তাই সামিল হতে দেখা গিয়েছে স্কুল পড়ুয়াদের পাশাপাশি শিক্ষা আধিকারিক এবং প্রশাসনের পদস্থ কর্তাদের। ছিলেন আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিকও।
Advertisement
মাধ্যমিক শিক্ষা দপ্তর, প্রশাসন ও পরিবহণ দপ্তরের এই যৌথ কর্মসূচিতে এদিন সামিল হয় ইংলিশবাজারের বিভিন্ন স্কুলের প্রায় ৩০০জন ছাত্রছাত্রী। বার্লো বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে পড়ুয়াদের এই পদযাত্রা বিভিন্ন রাস্তা ঘুরে হাজির হয় ফোয়ারা মোড়ে। জেলা প্রশাসনের তরফে দুই অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার এবং দেবাহুতি ইন্দ্র, ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ ১৫ জন আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং আঞ্চলিক পরিবহণ আধিকারিক অনুপম চক্রবর্তী হাজির ছিলেন। 
জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বলেন, শৈশব থেকে সুশিক্ষা দেওয়া হলে তা মনে গেঁথে যায়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাই ছোটবেলা থেকেই পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যতে ব্যক্তিগত পথ সুরক্ষার পাশাপাশি অনেক মানুষের প্রাণ রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে।
অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার বলেন, পড়ুয়াদের এই কর্মসূচিতে সামিল করার উদ্দেশ্য বেশ গুরুত্বপূর্ণ। তাদের সক্রিয়তা অনেক চালককেই সচেতন করবে। এই উদ্যোগের প্রশংসা করেছেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুবাবুও। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বলেন, আজ, বৃহস্পতিবার মালদহের টাউন হাইস্কুলের ছাত্রদের সঙ্গে শিক্ষা ও পরিবহণ আধিকারিকরা পথ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করবেন। ৩১ জানুয়ারি বিভিন্ন পুলকারের চালকদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ