Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচটি নয়া প্রজাতির পরজীবী বোলতা আবিষ্কার বিজ্ঞানীদের

পাঁচটি নয়া প্রজাতির পরজীবী বোলতা আবিষ্কার বিজ্ঞানীদের
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাগাল্যান্ড এবং পশ্চিমঘাট পর্বতমালার অরণ্য থেকে পাঁচ নয়া প্রজাতির পরজীবী বোলতা আবিষ্কার করলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা। নাগাল্যান্ডের প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ‘সেরোফ্রোন ইনিশিয়াম’। আর পশ্চিমঘাটে আবিষ্কৃত হয়েছে চারটি প্রজাতি। সেগুলি হল ‘ক্যালোটেলিয়া অ্যাকিউটা’, ‘সি চিত্রকা’, ‘সি ফোভিটা’ এবং ‘সি ফুলভা’। অন্য কীট বা পতঙ্গের শরীরে বাসা বাঁধা বা ডিম পাড়ে বোলতাগুলি। সেগুলিকে ডার্ক ট্যাক্সোনমির অন্তর্ভুক্ত বলে দাবি করা হচ্ছে। এ প্রজাতিগুলির অস্তিত্ব দীর্ঘদিন ধরে প্রকৃতিতে থাকলেও এদের বাসস্থান, মানুষের চোখকে ফাঁকি দেওয়ার বিশেষ গুণাবলী প্রভৃতির কারণে এতদিন খোঁজ পাওয়া যায়নি। অত্যাধুনিক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এগুলি খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। আকারে ছোট এ ধরনের পরজীবী বোলতা পরিবেশের পক্ষে উপকারী। ক্ষতিকর পোকামাকড়ের বাড়বৃদ্ধি ঠেকাতে এরা বিশেষ ভূমিকা নেয়। তবে সাধারণ বোলতার মতো মানুষকে কামড়ায় না। জেডএসআইয়ের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বোলতাগুলি নিয়ে আরও বিস্তারিত গবেষণা চালানো হবে। প্রকৃতির জীববৈচিত্র্য রক্ষায় এগুলির ভূমিকা আরও বেশি করে সামনে আসবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ