নয়াদিল্লি: উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং তারপর মহারাষ্ট্র। গত পাঁচ বছরে গোটা দেশের মধ্যে এই তিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গোটা দেশে ৭ লক্ষ ৭৭ হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। পাঁচ বছরের হিসেব তো দূর। শুধুমাত্র ২০২২ সালেই সে রাজ্যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ হাজার ৫৯৫ জনের। তারপরই রয়েছে তামিলনাড়ু। সেখানে মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ৮৮৪। এরপরই রয়েছে মহারাষ্ট্র। এক বছরে সে রাজ্যে মৃতের সংখ্যা ১৫ হাজার ২২৪টি।
Advertisement
এইসব দুর্ঘটনার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। বেলাগাম গতির পাশাপাশি, গাড়ি বা বাইক চালানোর সময় মোবাইলের ব্যবহার ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো ঘটনাও রয়েছে। সম্প্রতি জাতীয় সড়কের দুর্ঘটনা রুখতে ১৩ হাজার দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করেছিল সড়ক পরিবহণ মন্ত্রক। এর পাশাপাশি কোন কোন রাজ্যে বেশি দুর্ঘটনা ঘটছে, সে ব্যাপারে খতিয়ে দেখা শুরু হয়।



