Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভরতির পর ডিসচার্জ নিয়ে বাইরে থেকে ইউএসজি করাতে হচ্ছে রোগীদের

তিন মাসের বেশি আগে পদত্যাগ করেছেন হাসপাতালের একমাত্র রেডিওলজিস্ট। ফলে ইউএসজি পরিষেবা বন্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে।

ভরতির পর ডিসচার্জ  নিয়ে বাইরে থেকে ইউএসজি করাতে হচ্ছে রোগীদের
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তিন মাসের বেশি আগে পদত্যাগ করেছেন হাসপাতালের একমাত্র রেডিওলজিস্ট। ফলে ইউএসজি পরিষেবা বন্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে। সমস্যায় রোগীরা। ভর্তি হওয়ার পর ইউএসজি করানোর দরকার হলে রোগীকে সাময়িকভাবে ডিসচার্জ করা হচ্ছে। এরপর তিনি বাইরে থেকে পরীক্ষা করিয়ে আবার ফিরে আসছেন হাসপাতালে। এইভাবেই চলছে পুরো ব্যাপারটি। তবে জরুরি বিভাগে এই পরিষেবার প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ কিছু করা যাচ্ছে না। পেটের যন্ত্রণা নিয়ে আসা রোগীদের ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমিয়ে তারপর বাইরে পাঠানো হচ্ছে ইউএসজি করাতে।

Advertisement

জানা গিয়েছে, হাসপাতালের একমাত্র রেডিওলজিস্ট পদত্যাগপত্র জমা দিলেও সেটা স্বাস্থ্যভবনে এখনও সরকারিভাবে গৃহীত হয়নি। ফলে ওই পদ ফাঁকা হিসেবে এখনও দেখানো যাচ্ছে না। তাই এই নিয়ে জট তৈরি হয়েছে। কতদিন এভাবে হাসপাতাল চলবে, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। ক্যানিং হাসপাতালের উপর এমনিতেই সুন্দরবন এলাকার বহু মানুষ নির্ভরশীল। এমনকী পাশের উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, ধামাখালি সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। ইউএসজি বন্ধ থাকায় অনেককেই এখন টাকা খরচ করে সেটা করাতে হচ্ছে।

আউটডোরে যাঁরা ডাক্তার দেখাচ্ছেন, তাঁদের বলেই দেওয়া হচ্ছে, বাইরে থেকে ইউএসজি করিয়ে আনতে হবে। যদিও প্রসূতিদের ক্ষেত্রে সেই সমস্যা হচ্ছে না। কারণ কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী তাঁদের চিকিৎসার জন্য কিছু টাকা বরাদ্দ থাকে। হাসপাতাল সুপার পার্থসারথি কয়াল বলেন, একটু অসুবিধে তো হচ্ছেই। তবে স্বাস্থ্যদপ্তরের নজরে বিষয়টি আনা হয়েছে। আশা করি দ্রুত সমস্যা মিটবে।

এছাড়াও হাসপাতালে আরও একজন অস্থি বিশেষজ্ঞ দরকার বলে দাবি কর্তৃপক্ষের। বর্তমানে একজন মাত্র হাড়ের ডাক্তার আছেন। তাঁর উপর অনেকটাই চাপ পড়ছে বলে জানা গিয়েছে। যেদিন ওপিডিতে বসেন তিনি, সেদিন রোগী দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে যায়। তাই আরেকজন হলে সুবিধা হয়। কারণ এই বিভাগে রোগীর সংখ্যা অনেক। সম্প্রতি বিষয়টি নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকে আলোচনা হয়েছে।

সম্পর্কিত সংবাদ