Bartaman Logo
২ জুন, ২০২৬

মোদি জমানায় লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনে কমেছে যাত্রী, বলছে রেল বোর্ড

২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ আর্থিক বর্ষ। কেন্দ্রে মোদি জমানার ১০ বছরে লক্ষ্যণীয়ভাবে কমেছে শহর ও শহরতলির লোকাল এবং নন-সাবার্বান ট্রেনে রেল যাত্রীর সংখ্যা।

মোদি জমানায় লোকাল ও প্যাসেঞ্জার  ট্রেনে কমেছে যাত্রী, বলছে রেল বোর্ড
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ আর্থিক বর্ষ। কেন্দ্রে মোদি জমানার ১০ বছরে লক্ষ্যণীয়ভাবে কমেছে শহর ও শহরতলির লোকাল এবং নন-সাবার্বান ট্রেনে রেল যাত্রীর সংখ্যা। লোকাল ট্রেনে এই যাত্রী হ্রাসের সংখ্যা প্রায় ৩০ কোটি। অন্যদিকে, নন-সাবার্বান ট্রেনের ক্ষেত্রে এহেন যাত্রী কমে যাওয়ার সংখ্যা প্রায় ৮৭ কোটি। তবে কেন্দ্রের বিজেপি সরকারকে কিছুটা হলেও ভরসা জোগাচ্ছে ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে বুকিং-চিত্র। গত ১০ বছরে এক্ষেত্রে যাত্রী সংখ্যা প্রায় ৩২ কোটি বৃদ্ধি পেয়েছে। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান থেকেই পুরো ছবি স্পষ্ট হয়েছে। 

Advertisement

সংশ্লিষ্ট পরিসংখ্যানে কোঙ্কন রেলওয়ে বাদ দিয়ে বাকি প্রত্যেক জোনেরই সম্মিলিত যাত্রী সংখ্যার খতিয়ান দিয়েছে রেল বোর্ড। তাতে দেখা যাচ্ছে যে, ২০১৪-১৫ আর্থিক বছরে অসংরক্ষিত সাবার্বান ক্ষেত্রে, অর্থাৎ শহর ও শহরতলির লোকাল ট্রেনে রেল যাত্রীর মোট সংখ্যা ছিল প্রায় ৪৫০ কোটি ৪০ লক্ষ। অথচ ২০২৪-২৫ অর্থবর্ষে ওই সংখ্যা কমে হয়েছে প্রায় ৪২০ কোটি ১০ লক্ষ। অর্থাৎ, ১০ বছরে লোকাল ট্রেনে যাত্রী হ্রাস হয়েছে প্রায় ৩০ কোটি ৩০ লক্ষ। যদিও ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ আর্থিক বছরে এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবার, অসংরক্ষিত নন-সাবার্বান ক্ষেত্রে দেখা যাচ্ছে, ২০১৪-১৫ অর্থবর্ষে সারা দেশে মোট যাত্রী সংখ্যা ছিল ৩২৩ কোটি ৮০ লক্ষ। ২০২৪-২৫ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে প্রায় ২৩৬ কোটিতে। অর্থাৎ, এক দশকে নন-সাবার্বান ট্রেনের ক্ষেত্রে যাত্রী সংখ্যায় হ্রাস হয়েছে প্রায় ৮৭ কোটি। তবে এক্ষেত্রেও বিগত তিনটি আর্থিক বছরে যাত্রী সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে কেন্দ্র। 
এদিকে ট্রেনের সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে দেখা যাচ্ছে, ২০১৪-১৫ আর্থিক বছরে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৪৮ কোটি ৮০ লক্ষ। ২০২৪-২৫ আর্থিক বছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৮০ কোটি ৭০ লক্ষ। 

সম্পর্কিত সংবাদ