


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বিপত্তি। একটি নয়, দুটি নয়, তিন তিনটি প্রশ্নই এসেছে সিলেবাসের বাইরে থেকে! প্রথমে পরীক্ষার্থী এবং শিক্ষকরা এ নিয়ে সোচ্চার হন। পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও মেনে নিয়েছে, তিনটি প্রশ্ন মিলিয়ে ১০ নম্বর এসেছে সিলেবাসের বাইরে থেকে। যে পরীক্ষার্থীরা সেগুলির উত্তর লেখার চেষ্টা করবে, তাদের পুরো ১০ নম্বর দিয়ে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ দিনে অঙ্ক ছাড়াও সাইকোলজি, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপলজি এবং হিস্ট্রির পরীক্ষা ছিল। মোবাইলসহ দুই পরীক্ষার্থী এদিন পরিদর্শকদের হাতে ধরা পড়েছে।
সংসদ জানিয়েছে, 2B (২ নম্বর) এবং 11b (৪ নম্বর) ও 11C (৪নম্বর) ক্রমাঙ্কের তিনটি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে। সব মিলিয়ে ১০ নম্বর। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়, কেউ যদি সেই অঙ্কগুলি করতেই না পারে, তাহলেও কি নম্বর পাওয়া যাবে? চিরঞ্জীববাবু উত্তরে জানান, পুরো ব্যাপারটিই সংসদ দায়িত্বসহকারে বুঝে নিচ্ছে। মনে করা হচ্ছে, তাঁর ইঙ্গিত, এক্ষেত্রে উত্তর লেখার চেষ্টা না করলেও পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হতে পারে।
সংসদ জানিয়েছে, নদীয়ার ইসলামগঞ্জ হাইমাদ্রাসার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির কেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়েছে। অন্যদিকে, কলকাতার যাদবপুর সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী আদর্শ বালিকা শিক্ষায়তনে মোবাইল সহ ধরা পড়ে। দুজনেই অঙ্ক পরীক্ষা দিচ্ছিল। তাদের এবছরের পরীক্ষা বাতিল করেছে সংসদ। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে শহর কলকাতা তথা ছাত্রীদের মধ্যে মোবাইল নিয়ে ঢোকার প্রবণতা বেশ উদ্বেগজনক বলেই মনে করছে শিক্ষামহল।
সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, প্রশ্নরর্তাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। এছাড়া বেশকিছু প্রশ্ন এসেছে যেগুলির উত্তর লিখতে যে সময় প্রয়োজন, তার চেয়ে সময় লেগেছে বেশি। এবছর সিলেবাসও শেষ করা যায়নি সময়ের অভাবে। সার্বিকভাবে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার প্রথারও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
শিক্ষক সংগঠন এসটিইএ’র নেতা অনিমেষ হালদার বলেন, ১২-র দাগের ইন্টিগ্রেশনের অঙ্কগুলিও বেশ কঠিন। মাথায় রাখতে হবে, ১২-১৫ দিন আগে মডেল প্রশ্ন এসেছে। ছাত্রছাত্রীরা কোনো টেস্ট দিতে পারেনি। সিলেবাস শেষ করারও সময় মেলেনি। প্রশ্নকর্তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রশ্ন সেট করেছেন বলে মনে হয় না। কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ৪০ নম্বরের পরীক্ষায় ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে। ২৫ শতাংশ প্রশ্ন যাঁরা সিলেবাসের বাইরে থেকে করেছেন, তাঁদের কোন যোগ্যতা দেখে বাছাই করা হল, সেই প্রশ্ন ওঠে।