নয়াদিল্লি: অপেক্ষার অবসান। চোট সারিয়ে ২২ গজে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দু’টি চারদিনের ম্যাচ খেলবে ভারত এ। মেন ইন ব্লু’র নেতৃত্বভার সামলাবেন পন্থ। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাই সুদর্শনকে। তবে স্কোয়াডে জায়গা হয়নি সরফরাজ খানের। ব্রাত্য মহম্মদ সামিও।
গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে ক্রিস ওকসের বলে পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন পন্থ। ভাঙা পা নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সাহসিকতার পরিচয় দেন। তবে তারপর থেকেই মাঠের বাইরে তিনি। এনসিএ’তে রিহ্যাব চলছিল তাঁর। শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে ভারতীয় এ দলের জার্সিতে মাঠে নামার ছাড়পত্র পেলেন তিনি। চারদিনের এই ম্যাচেই পন্থকে দেখে নিতে চাইছেন নির্বাচকরা। তারপরই তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন হর্ষ দুবে, মানব সুতার, সারাংশ জৈন, রজত পাতিদার, যশ ঠাকুররা। এছাড়া লোকেশ রাহুল, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও ধ্রুব জুরেল এ দলের হয়ে দ্বিতীয় ম্যাচটি খেলবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁদের গেম টাইম দিতে চাইছেন নির্বাচকরা। লোকেশদের সঙ্গে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে রয়েছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও আকাশদীপ। তবে মহম্মদ সামিকে রাখা হয়নি। সম্প্রতি সামি ও নির্বাচক প্রধান আগরকরের বিবাদ নিয়ে সরগরম হয়েছিল ক্রিকেট মহল। সেই সময়ই সামি বাংলার হয়ে প্রথম রনজি ম্যাচে মোট ৭টি উইকেট নিয়ে নজর কাড়েন। তবুও জাতীয় দলের জন্য ভাবা হল না তাঁকে। তাহলে কি দরজা বন্ধই তাঁর? কিন্তু তরুণ সরফরাজ খান কেন দলে নেই? প্রশ্ন উঠছেই। গত ইংল্যান্ড সফরের আগে ভারতীয় এ দলের হয়ে ৯২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন এই মুম্বইকর। এরপর বুচিবাবু ট্রফিতেও শতরান হাঁকান। শুধু তাই নয়, সম্প্রতি রনজি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ছন্দে দেখা গিয়েছে তাঁকে। তারপরও অজ্ঞাত কারণে ব্রাত্য সরফরাজ। উল্লেখ্য, ৩০ অক্টোবর থেকে বেঙ্গালুরুর এনসিএ’তে দু’টি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।