মাধব মিশ্রকে চেনেন? ‘ক্রিমিনাল জাস্টিস’ ওয়েব সিরিজ ইতিমধ্যেই আপনার দেখা থাকলে মনে পড়বে মাধবকে। আর এই চরিত্রকে একবার দেখলে তার জন্য আপনি অপেক্ষা করতে বাধ্য। চতুর্থ সিজন নিয়ে আগামী মাসে ফের আসছে মাধব। আসছেন পঙ্কজ ত্রিপাঠি। তাঁর অনবদ্য পারফরম্যান্স এই চরিত্রকে জীবন্ত করে তুলেছিল। অভিনেতার কথায়, ‘আমি মাধবের কাছে ফিরলাম অনেকটা পুরনো বন্ধুর কাছে ফেরার মতো করে। সব সময় সে নতুন কিছু করার চেষ্টা করে।’ শুধুমাত্র কোর্টরুম ড্রামা নয়। এই সিজন দর্শককে ভাবনার রসদ দেবে বলে দাবি নির্মাতাদের। সে কারণেই পঙ্কজের দাবি, ‘মাধব শুধু একটি চরিত্র নয়। সে আমার মধ্যেই থাকে।’ পঙ্কজ ছাড়াও মহম্মদ জিশান আয়ুব, সুরভিন চাওলা, শ্বেতা বসু প্রসাদ এই সিরিজে অভিনয় করেছেন।



