সংবাদদাতা, ঘাটাল: বৃহস্পতিবার রাতে আচমকা দলছুট দু’টি হাতি চন্দ্রকোণা শহরে ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি বাজারে দলছুট হাতি দু’টি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রকাণ্ড দুই দাঁতালের উপস্থিতিতে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায় গোটা শহরে। ছুটোছুটিতে পড়ে গিয়ে জখম হন অনেকে। আড়াবাড়ি রেঞ্জ থেকে আসা এই দাঁতাল দু’টি গড়বেতার আঁধারনয়ন বিট হয়ে ধামকুড়িয়া বিটের জঙ্গলে অবস্থান করছিল। সেখান থেকেই রাতের অন্ধকারে লোকচক্ষু এড়িয়ে চলে আসে শহরে। টাউন ক্লাবের মাঠে হাতি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ ও বনদপ্তরের কর্মীদের। হাতির তাড়া খেয়ে ছুটে পালাতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে জখম হন। হাতির তাণ্ডবে শহরের কয়েকটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে, একটি পানীয় জলের নলকূপ নষ্ট হয়েছে। যদিও চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ জগজিৎ সরকার বলেন, হাতির তাণ্ডবে শহরের তেমন কিছু ক্ষতি হয়নি। বনদপ্তরের চন্দ্রকোণার রেঞ্জার বিদ্যুৎ সিং বলেন, রাতেই হাতি দু’টিকে শহর থেকে তাড়িয়ে ধামকুড়িয়া জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।



