Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দালাল রাজ বন্ধ হবে হাসপাতালে, আশ্বাস কৃষ্ণনগরের উত্তরের বিধায়কের

শক্তিনগর জেলা হাসপাতালে  দালালরাজ, স্বাস্থ্য পরিষেবার অবনতি ও রোগী হয়রানির অভিযোগের কড়া বার্তা দিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়।

দালাল রাজ বন্ধ হবে হাসপাতালে, আশ্বাস কৃষ্ণনগরের উত্তরের বিধায়কের
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শক্তিনগর জেলা হাসপাতালে  দালালরাজ, স্বাস্থ্য পরিষেবার অবনতি ও রোগী হয়রানির অভিযোগের কড়া বার্তা দিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার শক্তিনগর জেলা হাসপাতাল পরিদর্শনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, হাসপাতালে কোনোভাবেই দালালচক্র, কাটমানি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। একইসঙ্গে রোগী পরিষেবার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ শক্তিনগর জেলা হাসপাতালে পৌঁছান বিধায়ক। সেখানে প্রথমেই তিনি হাসপাতাল সুপার জয়ন্ত সরকারের সঙ্গে বৈঠক করেন। পরে হাসপাতাল সুপারকে সঙ্গে নিয়ে একে একে বিভিন্ন ওয়ার্ড, ওপিডি, সিসিইউ, কোভিড বিভাগ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং প্রশাসনিক দপ্তর ঘুরে দেখেন। পরিদর্শনের সময় ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের শয্যার পাশে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন নতুন বিধায়ক। চিকিৎসা পরিষেবা ঠিকমতো মিলছে কিনা, ডাক্তারবাবুরা সময়মতো দেখছেন কিনা, ওষুধ বা অন্যান্য পরিষেবায় কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়েই সরাসরি রোগীদের কাছ থেকে তথ্য নেন তিনি। রোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন বিধায়ক।
এরপর তিনি ওপিডি বিভাগেও দীর্ঘক্ষণ কাটান। সেখানে অপেক্ষারত রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পাশাপাশি তিনি ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও যান। সেখানে ওষুধের বিল, ছাড়ের পরিমাণ এবং লেনদেনের স্বচ্ছতা নিয়ে কড়া নজরদারির নির্দেশ দেন। বিধায়ক বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন জেলার সমস্ত হাসপাতালে জনপ্রতিনিধিদের গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। স্বাস্থ্য পরিষেবার কী অবস্থা, কোথায় সমস্যা রয়েছে, তার সম্পূর্ণ রিপোর্ট দিতে হবে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে এখানে রোগীদের সঠিক বিল দেওয়া হয় না। ওষুধে কতটা ছাড় দেওয়া হচ্ছে, সেটাও স্পষ্ট করে উল্লেখ করা হয় না। মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমস্ত নিয়ম মেনে কাজ হয়।
পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিধায়ক বলেন, এর আগের স্বাস্থ্যমন্ত্রী গোটা রাজ্যে হাসপাতাল গুলিতে তোলাবাজি ও কাটমানির সংস্কৃতি চালু করেছিলেন। বিভিন্ন জায়গায় নিম্নমানের ওষুধ সরবরাহের অভিযোগও রয়েছে। আমরা প্রথম দিন থেকেই নজরদারি শুরু করেছি।
হাসপাতালে দালালচক্রের সক্রিয়তা নিয়েও সরব হন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, পূর্ববর্তী সরকার দালালদের আশীর্বাদেই চলত। প্যাথলজি, ডায়গনস্টিক সেন্টার, অ্যাম্বুলেন্স সর্বত্র দালালচক্র সক্রিয় ছিল। আগামী দিনে এই দালালরাজ আর চলবে না। যারা এসবের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে। সেগুলি ধাপে ধাপে মিটিয়ে ফেলা হবে। একইসঙ্গে হাসপাতাল চত্বরে মাদকদ্রব্যের কারবার রুখতেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রায় ৭৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন তারকনাথবাবু। বিধায়ক পদে শপথ নেওয়ার পর থেকেই তাঁকে এলাকায় সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার শক্তিনগর জেলা হাসপাতালে তাঁর এই পরিদর্শন  বেশ‌ তাৎপর্যপূর্ণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ