সংবাদদাতা, পতিরাম: পুরসভা এলাকায় জল নিতে আসে পঞ্চায়েত এলাকার মহিলারা। এনিয়ে বিরক্ত বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বৈদ্যনাথপাড়ার এক পরিবার। ওই পরিবারের বাড়ির সামনেই ট্যাপকল হওয়ায় তারা জল নিতে আপত্তি করে বলে অভিযোগ। যার প্রতিবাদ করতেই সোমবার বিকেলে পঞ্চায়েতের দুই মহিলাকে বেধড়ক মারধর করল ওই শহুরে পরিবারের দুই মহিলা। ঘটনায় পঞ্চায়েত এলাকার দুই মহিলা জখম হয়েছেন। তাঁরা থানায় অভিযোগ দায়ের করেও পুলিস ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তারই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত এলাকার মহিলারা। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, এনিয়ে মামলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিস জানিয়েছে, বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শেষে এবং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শুরু বৈদ্যনাথপাড়ায়। ওই এলাকায় পঞ্চায়েতের তরফে ট্যাপকল নেই। কিন্তু পুরসভার তরফে রয়েছে। তাই পঞ্চায়েতের মহিলারা পুরসভার ওই ট্যাপকল থেকে জল নেন। এদিকে যে বাড়ির সামনে ট্যাপকল রয়েছে, সেই বাড়ির মহিলারা বিষয়টি আপত্তি জানাতেই সোমবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও এনিয়ে ওই শহুরে অভিযুক্ত পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।



