Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ির কাজ খতিয়ে দেখলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কর্তা

বাংলার বাড়ির কাজ খতিয়ে দেখলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কর্তা
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের ঘরের কাজ কতটা এগিয়ে, তা খতিয়ে দেখতে বালুরঘাট ব্লকে এলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্পেশাল অফিসার মৌসম মুখোপাধ্যায়। দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হতেই ব্লকের ডাঙ্গা গ্রামপঞ্চায়েতের হাজিপুরে বাড়ি বাড়ি ঘুরে ঘরের কাজ খতিয়ে দেখেন তিনি। এবিষয়ে বালুরঘাটের বিডিও সম্বল ঝা বলেন, বাংলার বাড়ি প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ অফিসার এসেছেন। তিনি ঘরের কাজ দেখে সন্তুষ্ট। কিছু পরামর্শও দিয়েছেন।

Advertisement

এদিকে, ব্লকে সাড়ে সাত হাজার উপভোক্তার মধ্যে প্রায় একশো জন প্রথম কিস্তির টাকা পেলেও এখনও ঘর তৈরি করেননি। ওই উপভোক্তাদের দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন বিডিও। দ্রুত কাজ শুরু না করলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিডিও’র কথায়, ব্লকে সাড়ে ৭ হাজার উপভোক্তা ঘরের টাকা পেয়েছেন। দ্বিতীয় কিস্তির টাকাও ঢুকেছে। তবে প্রায় ১০০জন প্রথম কিস্তির টাকা পেয়েও ঘরের কাজে খরচ করেননি। আমরা তাঁদের সতর্ক করেছি। কাজ শুরু না করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
প্রশাসন সূত্রে খবর, অনেকেই ঘরের সামান্য কাজ শুরু করে বন্ধ রেখেছেন। অনেকে আবার কাজই শুরু করেননি। কেউ কেউ আবার ঘরের প্রথম কিস্তির টাকা অন্য কাজে খরচ করেছেন। সার্ভের পর ওই উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি। আটকে দেওয়া হয়েছে। প্রথম কিস্তির টাকায় কাজ শুরু না করলে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা। বালুরঘাট ব্লকের বোয়ালদারের রঞ্জিত টুডু এখনও ঘরের কাজ শুরু করতে পারেননি। তিনি বলেন, কিছু সমস্যার কারণে ঘরের কাজ শুরু করতে পারিনি। শীঘ্রই কাজ শুরু করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ