সংবাদদাতা, তেহট্ট: জন্মাষ্টমীর আগে বাজারে তালের আকাল। জন্মাষ্টমীর আগে এক একটি তাল বিক্রি হল ১২০ থেকে ১৫০ টাকায়। কোথাও কোথাও ১০০ টাকাতেও মিলেছে। আজ, শুক্রবার জন্মাষ্টমীতে পুজোর অন্যতম উপকরণ হল তালের বড়া। তাই তালের লাগামছাড়া দামে বিব্রত সকলেই। মহকুমার বিভিন্ন বাজারে বৃহস্পতিবার খোঁজ নিয়ে দেখা যায়, পাকা তাল নিয়ে ক্রেতাদের মধ্যে কার্যত হাহাকার। সকালে অল্প কিছু তাল বাজারে এলেও তা চোখের নিমেষে শেষ হয়ে যায়। অনেকে বেশি দাম দিয়েও তাল পাননি। জন্মাষ্টমীর বাজার করতে আসা রঞ্জিত বিশ্বাস বলেন তাল সহ অন্যান্য উপকরণ গুড়, ময়দা, তেল খরচ যোগ করলে একটি পরিবারের পক্ষে সবটা করা কঠিন। একটি তালের মাড়ি দিয়ে বড়া তৈরি করে আশপাশের প্রতিবেশীরা ভাগ করে নেব। ব্যবসায়ীদের একাংশের দাবি, তালগাছের সংখ্যা কমে যাওয়াও এর অন্যতম কারণ।



