শ্রীনগর, ২১ আগষ্ট: ফের সামনে চলে এল পাকিস্তানের ঘৃণ্য ষড়যন্ত্র। এবার জম্মু স্টেশনে বোমা বিস্ফোরণের হুমকি। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণের হুমকি ‘চিরকূট’ উদ্ধার করল বিএসএফ। একটি পায়রার পা থেকে ওই চিরকূটটি উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী।
জানা গিয়েছে, পায়রা থেকে পাওয়া ওই চিরকূটে উর্দু ও ইংরাজিতে হুমকি দেওয়া হয়েছে। লেখা হয়েছে, “কাশ্মীর আমাদের। সময় এসেছে, এটা আমাদের হবে।” ইংরাজিতে লেখা হয়েছে, জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে।
বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে, এসপি হেডকোয়ার্টার্স ইরশাদ আহমেদ বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুতর। সব দিক থেকে তদন্ত করা হচ্ছে। পায়রার মাধ্যমে কোনও গোপনবার্তা পাঠানো হচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
সূত্রের খবর, ২১ সেমি লম্বা এবং ৬ সেমি চওড়া- ওই চিরকূটটি উদ্ধারের পরেই ভূ-স্বর্গ জুড়ে অ্যালার্ট হয়েছে বাহিনী। জম্মু-তাওয়াই স্টেশনে নিরাপত্তাকর্মীদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।