ইসলামাবাদ: ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। শুক্রবার এমনই জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি বলেছেন, ‘সম্মানজনকভাবে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাই। তবে আলোচনার জন্য কখনওই ভিক্ষা করব না।’ এর আগে ভারত স্পষ্ট জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কেবল দু’টি ইস্যুতেই আলোচনা হতে পারে—পাক অধিকৃত কাশ্মীর ও সন্ত্রাসবাদ। এই আবহে পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেছেন, ‘জম্মু ও কাশ্মীর সহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে পাকিস্তান বহুদিন ধরেই আলোচনার দাবি জানিয়েছে।’ ২০০৩ সালে পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফের আমলে ভারত-পাক সংযুক্ত আলোচনা শুরু হয়েছিল। সেই সময় দু’দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথা বিতর্কিত বিষয় নিয়ে কথাবার্তা শুরু হয়। যদিও ২০০৮ সালে মুম্বই হামলার পর সেই আলোচনায় ইতি টানে ভারত। চলতি বছর পহেলগাঁও হামলার পর ভারত-পাক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। মার্কিন সফরে গিয়ে পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এই আবহে সে দেশের বিদেশমন্ত্রী খানিক সুর নরম করলেন। যদিও সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘কোনও আগ্রাসনের ঘটনা ঘটলে সর্বশক্তি দিয়ে জবাব দিতে প্রস্তুত পাকিস্তান।’



