Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের, টি-২০ বিশ্বকাপে নতুন জটিলতা কড়া পদক্ষেপ নিতে পারে আইসিসি

আসন্ন টি-২০ বিশ্বকাপ ঘিরে নাটক অব্যাহত।

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের, টি-২০ বিশ্বকাপে নতুন জটিলতা  কড়া পদক্ষেপ নিতে পারে আইসিসি
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আসন্ন টি-২০ বিশ্বকাপ ঘিরে নাটক অব্যাহত। দুর্ধর্ষ ফর্মে থাকা ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে মাঠেই নামবে না পকিস্তান। রবিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে এক পোস্টে সে দেশের সরকার জানায়, ‘পাক ক্রিকেট দলকে আইসিসি টি-২০ বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হচ্ছে। তবে ভারতের বিরুদ্ধে ১৫ তারিখের ম্যাচে ক্রিকেটাররা মাঠে নামবে না।’ এই সিদ্ধান্তের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিশিয়েই ফেলল তারা। আর সেটাও একদম খেয়ালখুশি মতো। এই সিদ্ধান্তের নেপথ্যে পাক সরকার কিন্তু কোনও কারণ জানায়নি। তারপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল হচ্ছে পাক ক্রিকেট টিম। জোর গুঞ্জন— টিম ইন্ডিয়ার কাছে চরম লজ্জার হার এড়াতেই এমন ল্যাজ গুটিয়ে আগাম পলায়ন!

Advertisement

নিরাপত্তার অভাবের ছেঁদো অজুহাতে ভারতে খেলতে না আসার জন্য গত ২৪ জানুয়ারি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছেঁটে ফেলে আইসিসি। তখন থেকেই জলঘোলা করার খেলায় নামে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সোমবারের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। জল্পনা শুরু হয়, তাহলে বাংলাদেশের অঘোষিত অভিভাবক হিসেবে পাকিস্তানও কি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে? তারই মধ্যে নির্ধারিত সময় মেনে স্কোয়াড ঘোষণা করে তারা। ফলে বাবর-সলমনরা যে শ্রীলঙ্কায় খেলতে পৌঁছাবেন, তা স্পষ্ট হয়ে যায়। তবে এটা বোঝা যায়নি যে, নাকভির দেওয়া ডেডলাইনের একদিন আগে পাক সরকার এমন পালিয়ে বাঁচার কৌশল নেবে। আর তা করতে গিয়েই বড় বিপদের মুখে পড়তে চলেছে পাকিস্তান।

বিশ্বকাপের মতো ইভেন্টকে এভাবে পাড়ার প্রতিযোগিতায় নামিয়ে আনার অপচেষ্টা মেনে নিচ্ছে না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি রবিবার রাতেই পাক বোর্ডকে রীতিমতো হুমকি দিয়েছে। বেছে বেছে ম্যাচ খেলা যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না, সেই কড়া বার্তাও স্পষ্ট। সোমবার এই ব্যাপারে ভার্চুয়াল বৈঠকে বসছে আইসিসি। টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কার করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে সভায়। সেক্ষেত্রে পরিবর্ত দল হিসেবে টি-২০ বিশ্বকাপে খেলার কথা উগান্ডার। যদি পাকিস্তানকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার না’ও করা হয় তাহলেও জোরদার শাস্তি অপেক্ষা করছে। আইসিসি’র বার্ষিক লভ্যাংশ কাটা যেতে পারে পিসিবি’র। ভারতের বিরুদ্ধে না খেলার জন্য সম্প্রচারকারী চ্যানেলকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের, যার পরিমাণ বিশাল। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও দলের দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা জারির সম্ভাবনাও থাকছে। আর পাকিস্তান সুপার লিগে বিদেশি তারকাদের অংশগ্রহণ আটকানোর ক্ষমতাও রয়েছে আইসিসি’র। ভারত-পাক ম্যাচ না হলেও নিয়ম অনুসারে সূর্যকুমার যাদব বাহিনীকে অবশ্য কলম্বো যেতেই হবে। ১৫ তারিখ মাঠেও হাজির থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। তবেই দু’পয়েন্ট কাটা যাবে পাকিস্তানের। উল্লেখ্য, গ্রুপ ‘এ’তে ভারত ছাড়াও পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস এবং আমেরিকা। ১৫ তারিখ ভারতের বিরুদ্ধে না খেললে টুর্নামেন্টে অগ্রগতির দিক থেকেও ধাক্কা খাবে পাক দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ