Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পানশালায় টাকা ওড়াচ্ছেন পদ্মপার্টির সংখ্যালঘু মোর্চার নেতা, ভিডিয়ো পোস্ট বিধায়ক কুণালের,বিজেপি জেলা সভাপতির দাবি, ছ’বছরের পুরনো ক্লিপিংস

সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলে দিল দক্ষিণ কলকাতার বিজেপি সংখ্যালঘু মোর্চার এক নেতার ভিডিয়ো

পানশালায় টাকা ওড়াচ্ছেন পদ্মপার্টির সংখ্যালঘু মোর্চার নেতা, ভিডিয়ো পোস্ট বিধায়ক কুণালের,বিজেপি জেলা সভাপতির দাবি, ছ’বছরের পুরনো ক্লিপিংস
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলে দিল দক্ষিণ কলকাতার বিজেপি সংখ্যালঘু মোর্চার এক নেতার ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই নেতা পানশালায় বান্ডিল থেকে টাকা ওড়াচ্ছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ক্লিপিংস পোস্ট করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সঙ্গে কুণাল লিখেছেন, ‘এটা কি জুলফিকার আলি, বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি? তাঁর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, ওই নেতা একটি পানশালার মঞ্চে দাঁড়িয়ে আছেন, পাশে টাকার বান্ডিল, নীচে বসে আছেন দু’জন মহিলা। ওই মহিলাদের উপর টাকা ছড়াচ্ছেন।’ এরপরই কুণাল প্রশ্ন তোলেন, ‘ভিডিয়ো ঠিক না ভুল, বিজেপি কিছু বলবে? একটি সূত্রে খবর, ভিডিয়োও ঠিক। তবে এখনকার নয়। একটু পুরনো। সে যাই হোক, সনাতনী পার্টির এমন আদর্শ উদযাপন সে কী কম কথা!’ বিজেপির দাবি, সংখ্যালঘু মোর্চার ওই নেতার ভিডিয়োটি ছ’বছরের পুরানো। সেখানে তখন তিনি চাকরি করতেন। 

Advertisement

কুণাল ওই ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। তৃণমূলের একাধিক নেতা ওই ভিডিয়ো আরও ছড়িয়ে দেন। ক্ষমতায় আসার তিনমাসের মধ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির একাধিক ঘটনা সামনে এসেছে। হুমকি, ভয় দেখানো, মারধরের মতো অভিযোগও উঠেছে। এই পর্বেই এবার পানশালায় বিজেপি নেতার টাকা ছড়ানোর ঘটনা সামনে এল। কুণালের পোস্ট করা ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি‘বর্তমান’। তবে যোগাযোগ করা হয়েছিল দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, ‘ভিডিয়োতে আমাদের দলের যাঁর ছবি দেখানো হয়েছে, আমি তাঁর সঙ্গে কথা বলেছি। আমি শুনেছি, এই ভিডিয়ো ২০২০ সালের আগের। ও তখন সেখানে চাকরি করত। ওর এখনকার ছবি দেখলেই বোঝা যাবে। ভিডিয়োর ছবির সঙ্গে এখনকার ছবি মেলালে দেখা যাবে, ও এখন বেশ মোটা হয়ে গিয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ