Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাড় ভেঙে যাচ্ছে শ্রীরামপুরের ডেনিস খালের, উদ্বেগ এলাকায়

পাড় ভেঙে যাচ্ছে শ্রীরামপুরের ডেনিস খালের, উদ্বেগ এলাকায়
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভেঙে পড়ছে ঔপনিবেশিক আমলে তৈরি ডেনিস খালের পাড়। ঐতিহ্যের শহর শ্রীরামপুরে এই ঘটনায় নাগরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পুরসভার খাতায় এ খালের নাম চাতরা খাল। পাড় ভাঙার জেরে প্রায় দশ হাজার পরিবার আতঙ্কে। খালের দু’দিকেই ভাঙন শুরু হয়েছে। শ্রীরামপুর শহরের বেনিয়াপাড়া লেন ও গোয়ালাপাড়া, এই দুই এলাকাতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ওই দু’টি এলাকা তিন ও সাত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। বিষয়টি নিয়ে তৎপর শ্রীরামপুর পুরসভা। রাজ্যের পুর ও নরোগন্নয়ন মন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
Advertisement
শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, ‘স্থানীয়স্তরে যতটুকু নিরাপত্তার ব্যবস্থা করা যায় তা ইতিমধ্যেই করা হয়েছে। আমরা ভাঙন নিয়ে সতর্ক।’ চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং(পাপ্পু) বলেন, ‘ডেনিস খালের পাড় ভাঙার ঘটনা উদ্বেগজনক। খালের ধারে প্রায় হাজার দশেক পরিবার বসবাস করেন। এছাড়া শহরের নিকাশির মূল মাধ্যম ওই খাল। সেটির উপর একটি সেতু আছে। শ্রীরামপুর ও শেওড়াফুলি শহরকে সেতুটি জুড়ে রেখেছে। আমাদের সাংসদ রাজ্য সরকারের সমস্ত স্তরে চিঠি পাঠিয়েছেন। পুরসভার চেয়ারম্যানও পুরদপ্তরকে চিঠি দিয়েছেন। আশা করছি, পাড় বাঁধানোর জন্য সরকারি পদক্ষেপ হবে।’ একদা ডেনমার্কের কলোনি ছিল শ্রীরামপুর। পরে তা ইংরেজদের কাছে চলে যায়। ডেনমার্কদের থাকার কালে স্থানীয় নিকাশি ব্যবস্থায় দীর্ঘ খাল খোঁড়া হয়। শীলেদের ঘাট থেকে নওগাঁর মোড় পর্যন্ত বর্তমানে সে খালের ব্যাপ্তি। একবছর আগে এখানে ভাঙনের ইঙ্গিত মিলেছিল। সম্প্রতি ভাঙনের গতি বেড়েছে। পুরকর্তাদের দাবি, খাল নানা কারণে বুজে আসছে। ভাঙন হলে সমস্যা আরও বাড়বে। পাশাপাশি সেতু দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। সেটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে পুর কর্তৃপক্ষ।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ