Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন, মহিলার যাবজ্জীবন কারাদণ্ড

অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন, মহিলার যাবজ্জীবন কারাদণ্ড
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে এক ব্যক্তির উপর অ্যাসিড হামলা হয়েছিল। প্রায় নয় বছর আগের সেই মামলায় অভিযুক্ত মহিলাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। শনিবার হুগলির শ্রীরামপুর আদালতের বিচারক আজম খান ওই রায় দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, মহিলার নাম আরতি বারিক। তিনি জাঙ্গিপাড়ার লক্ষ্মণপুর গ্রামের বাসিন্দা। স্বামী পরিত্যক্তা ওই মহিলার সঙ্গে প্রতিবেশী শক্তিপদ রায় (৫০) বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরে দু’জনের মধ্যে তিক্ততা তৈরি হয়। ২০১৫ সালের জুন মাসে রাতে শক্তিপদ বাড়ির বারান্দায় শুয়েছিলেন। অভিযোগ, তখনই তাঁর উপরে অ্যাসিড হামলা হয়। ওই ব্যক্তি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তাঁর পরিবারকে জানিয়েছিলেন যে, আরতি তাঁর গায়ে অ্যাসিড দিয়ে দিয়েছেন। স্থানীয় হাসপাতাল থেকে তাঁকে কলকাতা মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে তার আগে তিনি পুলিসকে আরতির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছিলেন।
Advertisement
এদিন শ্রীরামপুর আদালতের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, বিচারক আজম খান আরতি বারিককে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে আর্থিক জরিমানাও করেছেন। ১৪ জন ওই মামলায় সাক্ষ্য দিয়েছেন। বিচার চলাকালীন ওই মহিলা সংশোধনাগারেই ছিলেন। মৃতের ছেলে জয়ন্ত রায় বলেন, খুবই যন্ত্রণা পেয়ে বাবার মৃত্যু হয়েছিল। আদালত শেষ পর্যন্ত ন্যায় বিচার করেছে। আমরা খুশি।
সম্পর্কিত সংবাদ