নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার অ্যাপের মাধ্যমে ডায়মন্ডহারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার ভেসেলের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। শীঘ্র এই সুবিধা চালু করতে চলেছে ডায়মন্ডহারবার পুরসভা। এতদিন শুধু কাউন্টার থেকে টিকিট কাটার সুযোগ ছিল তাঁদের। কিন্তু অফিস টাইমে লম্বা লাইন পড়ে যেত এবং অনেকেই ভেসেল ধরতে পারতেন না। এই ঝক্কি এড়াতে এবার টিকিট কাটার অ্যাপ আনছে পুরসভা। নতুন বছরেই নয়া পরিষেবা যাত্রীদের জন্য চালু হবে বলে জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস। জানা গিয়েছে, ওপারে যেতে সকালের দিকে ফেরির পরিষেবা নিতে ভালো ভিড় হয় ডায়মন্ডহারবারে। কাউন্টারে দীর্ঘ লাইন পড়ে যায়। এবারে এই অ্যাপ চালু হয়ে গেলে যাত্রীরা আগে থেকেই টিকিট কেটে নিতে পারবেন। তারপর ফেরিঘাটে এসে মোবাইলে টিকিট দেখিয়ে ভেসেল ধরতে চলে যাবেন তাঁরা। তবে কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ হবে না। কারণ অনেকেই হয়তো অ্যাপ ব্যবহারে অভ্যস্ত নাও হতে পারেন। ভাইস চেয়ারম্যানের কথায়, রেলের লোকাল ট্রেনের টিকিট কাটার আদলেই এই অ্যাপ তৈরি করা হবে। টেন্ডার হয়ে গিয়েছে। গঙ্গাসাগর মেলার আগেই অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে।



