নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্দেশ্য রাজ্যজুড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স প্রতিরোধে অভিন্ন অ্যাকশন প্ল্যান তৈরি। সেই লক্ষ্যে প্রাণীসম্পদ, মৎস্য, কৃষি, পরিবেশ (দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ) প্রভৃতি দপ্তরের সঙ্গে যৌথ কর্মশালা করছে স্বাস্থ্যদপ্তর। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের কর্মশালায় এই অ্যাকশন প্ল্যান তৈরিতে নিজের পরামর্শ দেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, ৮ ও ৯ জানুয়ারি রাজারহাটে হবে এই কর্মশালা। যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার রুখতে স্বাস্থ্য এবং অন্যান্য দপ্তর মিলিয়ে ২০ জন সেই বৈঠকে থাকবেন। থাকবেন সংক্রামক ব্যাধি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি প্রভৃতি শাখার স্বনামধন্য বিশেষজ্ঞরা।



