Bartaman Logo
২৭ মে, ২০২৬

অ্যাম্বুলেন্সে চেপে অনুষ্ঠানে, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা

অ্যাম্বুলেন্সে চেপে অনুষ্ঠানে, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
তিরুবনন্তপুরম: অ্যাম্বুলেন্সে করে কেরলের বিখ্যাত ত্রিশূর পুরম উৎসবে গিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছিল। সিপিআইয়ের জেলা নেতা কেপি সুমেশের পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুরেন্দ্রনও এ বিষয়ে সরব হন।  ঘটনাটি অবশ্য গত এপ্রিলের। তখন তিনি বিজেপির প্রার্থী হিসেবে ভোটের ময়দানে। সিপিআই নেতার অভিযোগের ভিত্তিতে রবিবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেরল পুলিস। ভারতীয় ন্যায় সংহিতা ও মোটর ভেহিকল আইনের একাধিক ধারায় দায়ের করা হয়েছে মামলা। এফআইআরে নাম রয়েছে আরও দু’জনের। 
Advertisement
সেবা ভারতী নামক একটি সংস্থার অ্যাম্বুলেন্সে চড়ে উৎসবে গিয়েছিলেন সুরেশ। সেই সময় তিনি ত্রিশূর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।  অভিযোগ, ‘অনুষ্ঠানের দিন (২০ এপ্রিল) বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছিল অভিযুক্তরা। এর জেরে মানুষের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত।’  বিরোধী শিবিরের আরও দাবি, লোকসভা নির্বাচনে হিন্দু ভাবাবেগকে কাজে লাগাতে ঐতিহ্যবাহী এই উৎসবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল বিজেপি।  বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে যাতায়াতের অভিযোগ নাকচ করে দিয়েছিলেন সুরেশ গোপী। কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, ‘কেউ বাস্তবিকই আমায় অ্যাম্বুলেন্সে দেখে থাকলে সামনে এসে জানাক। কিন্তু তাঁর অ্যাম্বুলেন্সে সফরের ছবি ভাইরাল হয়ে যায়। এরপরই তিনি জানান, অনুষ্ঠানে পৌঁছনোর কিছুক্ষণ আগে যে গাড়িতে তিনি যাচ্ছিলেন, তাতে দুষ্কৃতীরা হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যুবক তখন তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দেয়।
সম্পর্কিত সংবাদ