বলিউড ডেবিউ করতে চলেছেন ‘ক্যাপ্টেন মিলার’ খ্যাত তামিল পরিচালক অরুণ ম্যাথেসওয়ারান। অ্যাকশন থ্রিলার ঘরানার একটি ছবি তৈরি করবেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। অ্যাকশনের মধ্যেও নতুনত্ব খোঁজেন নায়ক। তাই চূড়ান্ত চিত্রনাট্য শোনার পরই অক্ষয় চুক্তিবদ্ধ হবেন বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী জুন অথবা জুলাই থেকে কাজ শুরু করার চিন্তাভাবনা করছেন নির্মাতারা। তবে অক্ষয় কবে শ্যুটিংয়ে যোগ দিতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। কারণ ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরাফেরি ৩’ সহ একাধিক ছবি অক্ষয়ের হাতে রয়েছে। শোনা যাচ্ছে, সেগুলির কাজ শেষ করার পরই এই ছবির শ্যুটিং তিনি শুরু করবেন বলে।



