Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অ্যাডমিট নিতে ভুল, বাড়ি থেকে নিয়ে পৌঁছে দিলেন এএসআই

অ্যাডমিট নিতে ভুল, বাড়ি থেকে নিয়ে পৌঁছে দিলেন এএসআই
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একে জীবনের প্রথম বড় পরীক্ষা। তার উপর ইংরেজি! টেনশনে বাড়ি থেকে অ্যাডমিট আনতে ভুলে গিয়েছিল শর্মিলা গজমের। মালবাজার পুষ্পিকা হিন্দি বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীর মাধ্যমিকের সিট পড়েছে সুভাষিণী গার্লস হাইস্কুলে। অ্যাডমিট দেখে যখন প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢোকানো হচ্ছিল, ব্যাগ খুলে শর্মিলা দেখে, তার অ্যাডমিট নেই! বুঝতে পারে, টেনশন ও তাড়াহুড়োয় সে বাড়িতেই অ্যাডমিট ফেলে চলে এসেছে। পরীক্ষা শুরুর তখন খুব বেশি বাকি নেই। এদিকে, পরীক্ষাকেন্দ্র থেকে বাড়ি অনেকটা পথ। চোখেমুখে একরাশ উদ্বেগ। ওই পরীক্ষাকেন্দ্রে ডিউটি পড়েছিল মাল থানার এএসআই প্রশান্ত বর্মনের। ছাত্রীটির উদ্বেগ নজরে পড়ে তাঁর। জানতে চান কী হয়েছে? বিষয়টি শুনে ‘অভিভাবক’-এর ভূমিকা পালন করেন ওই পুলিসকর্মী। নিজের বাইকে ওই ছাত্রীকে বসিয়ে পৌঁছে যান রাজাবাগান এলাকায়। বাড়ি থেকে অ্যাডমিট নিয়ে ফের তাকে পৌঁছে দেন পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে অ্যাডমিট নিয়ে পৌঁছতে পেরে হাফ ছেড়ে বাঁচে ওই ছাত্রী।
Advertisement
প্রায় একইরকম ঘটনার এদিন সাক্ষী থেকেছে ডুয়ার্সের মেটেলি। মেটেলি রাষ্ট্রভাষা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী ভুল করে বাড়িতে অ্যাডমিট রেখে চলে আসে পরীক্ষাকেন্দ্রে। তার সিট পড়েছে মেটেলি উচ্চ বিদ্যালয়ে। স্কুলের গেটে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দেয় ওই ছাত্রী। এই দৃশ্য দেখে মেটেলি থানার সাব ইন্সপেক্টর মোস্তাফা হোসেন এক সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে বাইক নিয়ে পাঁচ কিমি দূরে জুরান্তি চা বাগান এলাকায় পরীক্ষার্থীর বাড়িতে আসেন। অ্যাডমিট নিয়ে ওই ছাত্রীকে ফের পৌঁছে দেন পরীক্ষাকেন্দ্রে।
অন্যদিকে, পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর গাড়ি না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ছাত্রীকে এদিন নিজের বাইকে পৌঁছে দিলেন মেটেলির ট্রাফিক ওসি হমেশ্বর পাল।
Advertisement
সম্পর্কিত সংবাদ