Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অ্যাডমিট কার্ড হাতে পায়নি, পরীক্ষা দিতে পারল না কাশীপুরের পড়ুয়া

অ্যাডমিট কার্ড হাতে পায়নি, পরীক্ষা দিতে পারল না কাশীপুরের পড়ুয়া
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: অ্যাডমিট কার্ড না পাওয়ায় কাশীপুরের নতুন গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সোমবার ছাত্রীর পরিবার সহ গ্রামবাসীরা বিদ্যালয়ে বিক্ষোভ দেখান। টানা দু’ঘণ্টা ধরে বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিস বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হলে গেটের তালা খুলে দেওয়া হয়। ওই ছাত্রী অ্যাডমিট কার্ড না পাওয়ায় তার একটি বছর নষ্ট হল। তার জন্য স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
Advertisement
কাশীপুরের বিডিও সুপ্রিম দাস বলেন, যতদূর জানতে পেরেছি ওই ছাত্রী অ্যাডমিটের জন্য আবেদন করেনি। নির্দিষ্ট ফর্মে স্বাক্ষর না করার জন্য অ্যাডমিট আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিশীলা গ্রামের ছাত্রী সুস্মিতা মাহাত নতুনগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক দিত। তার জন্য সে বিদ্যালয়ের দেওয়া নির্দিষ্ট ফর্ম ফিলআপ করে আবেদন করেছিল। কিন্তু, তারপরেও তার অ্যাডমিট আসেনি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে আগাম জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।
অভিযোগকারী ছাত্রী জানিয়েছে, অ্যাডমিট না আসায় বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি। আমাকে সাতদিন পর বিদ্যালয়ে আসার জন্য বলা হয়। সেইমতো শনিবার বিদ্যালয়ে যায়। কিন্তু, জানতে পারি আমার অ্যাডমিট আসেনি। মাধ্যমিক পরীক্ষা দিতে পারব না। বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে আমার একটি বছর নষ্ট হল।
ছাত্রীর বাবা পরেশ মাহাত বিদ্যালয়ে কাঁদতে কাঁদতে বলেন, অ্যাডমিট না আসার বিষয়টি মেয়ে আমাদের জানিয়েছিল। আমি বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা জানিয়েছিলেন, পরীক্ষার আগে চলে আসবে। কিন্তু, তারপরেও আসেনি। আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটল, আগামী দিন যেন অন্য ছাত্রছাত্রীর সঙ্গে এমনটা না হয়। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রশাসনকে বলব।
বিদ্যালয়ের টিআইসি অভিজিৎ তন্তুবায় বলেন, ওই ছাত্রীর অ্যাডমিট না আসার জন্য তাকে ৫-৬ ফেব্রুয়ারির মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছিল। কিন্তু, ও বিদ্যালয়ে আসেনি। ফর্ম ফিলআপের সময় আমাদের যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, সেই নম্বরটিতে যোগাযোগ করেও পাওয়া যায়নি। ওই ছাত্রী শনিবার বিদ্যালয়ে এসে অ্যাডমিট না পাওয়ার কথা জানায়। আমি পর্ষদের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু, আর কোনওভাবে তা হবে না বলে জানানো হয়। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ