নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: নিয়ম নেই। অথচ তালিকায় থাকা বিএলএ টু-এর বদলে বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি করছেন অন্য এক সিপিএম কর্মী। যিনি আবার এলাকার লোকই নন। সম্পূর্ণ বহিরাগত। তৃণমূলের এই অভিযোগ ঘিরে শুক্রবার সকালে সাময়িক উত্তেজনা ছড়াল দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মহানন্দাপল্লী এলাকায়। এই এলাকা পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। পরে চাপের মুখে পড়ে এলাকা ছাড়লেন অভিযুক্ত।
জানা গিয়েছে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ২৬২ নম্বর বুথে সিপিএমের বিএলএ-টু হলেন তাপস চক্রবর্তী। এদিন তাঁর বদলে ওই বুথে কাজ করছিলেন সলিল বসু নামে জনৈক এক সিপিএম কর্মী। এই খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা। ফলে বিএলও-র সামনে দুই তরফে শুরু হয় তীব্র বাদানুবাদ। মাঝপথে ফর্ম বিলি বন্ধ হয়ে যায়।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বুথের বিএলও সুদীপ রায় জানিয়ে দেন, অন্যের হয়ে এসআইআরের কাজ করা যায় না। এটাই নিয়ম। প্রবল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন অভিযুক্ত সিপিএম কর্মী। ফের শুরু হয় এসআইআর ফর্ম বিলির কাজ। এর মধ্যে অবশ্য কোনও অন্যায় দেখছেন না অভিযুক্ত সিপিএম কর্মী সলিল বসু। উল্লেখ্য, এই ২৬২ নম্বর বুথে ১১৩৫ জন ভোটার আছেন।